বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে খুন, পায়রাডঙায় গ্রেপ্তার অভিযুক্ত স্বামী

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া,৭ মে: স্ত্রীকে নৃশংসভাবে খুন করল স্বামী। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার পায়রাডাঙ্গা বাজারপাড়ায়। নিহত গৃহবধূর নাম অলকা দাস (২৭)। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে রানাঘাট থানার পুলিশ।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বছর ছয়েক আগে অসমের অলকা দাসের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় পায়রাডাঙ্গা বাজারপাড়ার সঞ্জিত দাসের। তাদের দু’বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

অভিযোগ, বিয়ের পর থেকে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া অশান্তি লেগে থাকত। এই নিয়ে বেশ কয়েকবার পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত সদস্যের কাছে নালিশ জানিয়েছেন উভয় পক্ষই। এছাড়া অভিযোগ, অধিকাংশ সময় ওই গৃহবধূ মোবাইলে কথা বলায় ব্যস্ত থাকতেন।

শুক্রবার গভীর রাতে বাড়ির অন্যান্য সদস্যরা ঘুমিয়ে পড়লে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ চরমে ওঠে। দু বছরের ছেলের সামনে নৃশংসভাবে দা দিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কোপ দেয় স্বামী। পাশের ঘর থেকে আর্তনাদ শুনে সকলে ছুটে এসে দরজা ভেঙ্গে দেখে রক্তাক্ত অবস্থায় গৃহবধূ মেঝেতে লুটিয়ে পড়ে আছে। রাতেই খবর দেওয়া হলে পুলিশ ঘর থেকে রক্তাক্ত অবস্থায় দেহটিকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা অলকাকে মৃত ঘোষণা করেন। রাতেই স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *