জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ জুলাই: অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। কেশিয়াড়ি থানা এলাকার সাঁতরাপুর অঞ্চলের সিঙ্গাই গ্রামের এই ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতার নাম সোমা রানা। বয়স ২৮ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে, জানা গিয়েছে, প্রায় আট বছর আগে বেলদা থানা এলাকার বাসিন্দা গতি রানার সাথে বিয়ে হয়েছিল সিঙ্গাই গ্রামের সোমা রানার। বিয়ের এক বছর পর থেকে শ্বশুর বাড়িতেই থাকতো অভিযুক্ত গোপী রানা। তাদের দুটি সন্তানও রয়েছে। সোমা বর্তমানে সন্তানসম্ভবা ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, প্রায়শই স্বামী-স্ত্রীর মধ্যে গোলমাল লেগেই থাকত। এদিনও সেই একইভাবে ঝগড়াঝাঁটি চুড়ান্ত পর্যায়ে পৌঁছায়। সোমা রানার মায়ের অভিযোগ, দুজনের ঝগড়া থামাতে না পেরে পাড়ায় লোকজনকে খবর দিতে যান তিনি। ঠিক সেই সময়ে ধারালো অস্ত্রের আঘাতে মেয়েকে খুন করা হয় বলে অভিযোগ। ফিরে এসে রক্তাক্ত অবস্থায় মেয়েকে পড়ে থাকতে দেখেন সোমার মা লক্ষ্মী রানা।
এরপর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। অভিযুক্ত স্বামী পলাতক। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

