পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ অক্টোবর: বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের ফাঁকে সিপিএম এবং বিজেপি ছেড়ে কয়েকশো কর্মী তৃণমূলে যোগদান করেন। আজ রাজ্য নেতৃত্বের নির্দেশে সবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলন এবং দলের পুরনো কর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সবং অডিটোরিয়াম ময়দানে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জল সম্পদ উন্নয়ন দপ্তর এবং পরিবেশ দপ্তরের মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভুঁইঞা, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, পশ্চিম মেদিনীপুর কো-অর্ডিনেটর তথা পিংলার বিধায়ক অজিত মাইতি, প্রাক্তন বিধায়ীক গীতা রানি ভুঁইঞা, ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইত, ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান অমল কুমার পন্ডা, সমস্ত অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত প্রধান, বুথ সভাপতি- সহ প্রায় হাজার দশেক তৃণমূল কংগ্রেস সমর্থক। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আবু কালাম বক্স। এই বিজয়া সম্মিলনে ৩ নম্বর এবং ৪ নম্বর অঞ্চল থেকে সিপিআইএম ও বিজেপি ছেড়ে কয়েকশ কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

এদিন কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে বলতে গিয়ে মন্ত্রী মানস বাবু বলেন, বিজেপি ভারতবর্ষ’কে বিক্রি করতে চাইছে। তিনি বলেন, ভারতবর্ষের সাধারণ মানুষকে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করলো কেনো বিজেপি জবাব দাও। বিজেপি সিপিআইএম ও কংগ্রেস সব দলকে তিনি একহাত নেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করতে সমস্ত পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আনার পরামর্শ দেন।

