শিলিগুড়িতে বিলি না করা কয়েকশ আধার কার্ড পড়ে রয়েছে আবর্জনার মধ্য, মেয়ের কার্ড খুঁজে পেলেন এক ব্যক্তি

ভারতের ভারত, শিলিগুড়ি, ৩ আগস্ট: আবর্জনার মধ্যে পড়ে রয়েছে আধার কার্ড। তাও একটা দুটো নয় অগুনতি কার্ড রোদে শুকোচ্ছে। শুধু আধার কার্ড নয়, তারমধ্যে ব্যাঙ্কের পাসবই–ও রয়েছে। এই দৃশ্য দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিলিগুড়ির কানকাটা মোড়ে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভীড় জমে যায়। আবার এক ব্যক্তি সেই আবর্জনা থেকেই নিজের মেয়ের কার্ড খুঁজে পান।

শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন এই এলাকায় একটি ফাঁকা জমিতে কাগজ কুড়ানিরা প্রতিদিন আবর্জনা এনে শুকোতে দেয়। মঙ্গলবার সকালেও তার অন্যথা হয়নি। কিন্তু এদিন তারা প্রচুর আধার কার্ড সহ ব্যাঙ্কের পাস বই, এটিএম সহ আরও গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র এনে শুকোতে দেয়। তখনই এলাকার ব্যবসায়ীরা দেখতে পান প্রায় কয়েকশো আধার কার্ড সেখানে শুকোচ্ছে। এক ব্যবসায়ী রাজু ঘড়াই সাথে সাথে একটি কার্ড তুলে নিয়ে সেখানে লেখা ফোন নম্বরে ফোন করে দীপু অধিকারী ডাকেন। তিনি এসে তার মেয়ের আধার কার্ড সেখানে পেয়ে যান।

ব্যবসায়ী জানান, এলাকার কুড়ানিরা প্রতিদিন এখানে এসে নানান নোংরা জিনিসপত্র ফেলে। কিন্তু এদিন তারা চলে যাওয়ার পর হঠাৎ দেখি আধার কার্ড পড়ে রয়েছে। কাছে যেতেই দেখতে পাই একটা দুটো নয় কয়েকশো কার্ড রোদে শুকোচ্ছে। তারপর তারা সেগুলো বিক্রি করে দেবে। কোথা থেকে এনেছে তা আমরা জানিনা। এদিকে মেয়ের কার্ড পেয়ে দীপু অধিকারী ওই ব্যবসায়ীকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি এই ঘটনার জন্য প্রশাসনের গাফিলতিকেই দায়ী করেছেন। তাঁর বক্তব্য অনেকবার পোষ্ট অফিসে খোঁজ নিয়েও মেয়ের কার্ড পাইনি। আর দেখুন এই আবর্জনায় ওর কার্ড পড়ে রয়েছে। সরকারি কাজে এরকম গাফলতি মেনে নেওয়া যায় না। এগুলো সব গুরুত্বপূর্ণ নথি।

অন্যদিকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে আশিঘর থানার পুলিশ। তারা এসে কার্ডগুলো ব্যাগে ভরে থানায় নিয়ে যায়। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তারা। কার্ডগুলো কোথা থেকে পেয়েছে তা জানার জন্য কাগজ কুড়ানিদেরও খুঁজছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *