স্বরূপ দত্ত, আমাদের ভারত, রায়গঞ্জ, ১৮ আগস্ট:
পাশ করানোর দাবিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে অবরোধ করে বিক্ষোভ দেখাল শতাধিক ছাত্র-ছাত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার ব্যাপক উত্তেজনা ছড়ায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে।

বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের অভিযোগ, অনলাইনের মাধ্যমে পরীক্ষা দেওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বার বার তাদের অকৃতকার্য বলে তালিকাভুক্ত করে দিচ্ছে। বিষয়টি তাদের বোধগম্য হচ্ছে না বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। অবিলম্বে তাদের সকলকে পাশ করানোর দাবিতে এদিন দীর্ঘক্ষণ ধর্নায় বসে থাকেন ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। তারা বলেন, এব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলেও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমাদের সঙ্গে কথা বলার বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। আমাদের সমস্যা অবিলম্বে না মিটলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছে তারা।

যদিও এই ব্যাপারে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে পরীক্ষা দিয়েও অকৃতকার্য হওয়ায় ছাত্র-ছাত্রীদের ভীত হয়ে পড়বার কোনও কারণ নেই। বিভিন্ন কারণে এ সমস্যা দেখা দিতে পারে। কারও এডমিশনের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, কারও বা টেকনিক্যাল কিছু সমস্যার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। সকল ছাত্র ছাত্রীকে তাদের সমস্যার কথা উল্লেখ করে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছিল। সেই মতো তারা আবেদনপত্র জমাও দিয়েছে। আমরা কয়েকদিনের মধ্যেই সমস্ত ছাত্র-ছাত্রীদের সমস্যা সমাধান করার চেষ্টা করছি।

