গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১২ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। কোনো ছাত্র-ছাত্রী যাতে সমস্যায় না পড়ে তার জন্য সকাল থেকে রাস্তায় চলে পুলিশি টহলদারি। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ছিল প্রশাসনের কড়া ব্যবস্থা।

সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলিতে যাবার জন্য ছাত্র-ছাত্রীদের যাতে কোনরকম অসুবিধা না হয় তার জন্য ছিল পুলিশি কড়া নজরদারি। যানজট মুক্ত করতে প্রশাসনের তৎপরতা ছিল বেশ উল্লেখযোগ্য। আরামবাগ থানা, খানাকুল থানা, পুরশুড়া থানা, গোঘাট থানার পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে একটি করে গোলাপ ফুল, পেন, পানীয় জল ও চকলেট উপহার দেওয়া হয়।
এদিন একটি পরীক্ষা কেন্দ্রে আরামবাগ থানার এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও আরামবাগ থানার আইসি রাকেশ সিং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে একটি করে পেন, গোলাপ ফুল ও জলের বোতল তুলে দেন। এদিন বেশ কয়েকজন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় রাস্তায় সমস্যায় পড়ে। কোনো কোনো পরীক্ষার্থী টোটো না পেয়ে সমস্যায় পড়ে, আবার কোনো পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড বাড়িতে রেখে পরীক্ষা দিতে চলে আসে। সেইসব পরীক্ষার্থীদের কর্তব্যরত পুলিশ অফিসারদের সাহায্য করতে দেখা যায়। যারা টোটো পায়নি তাদের পুলিশের গাড়িতে চাপিয়ে পরীক্ষা কেন্দ্র পৌঁছে দেয় পুলিশ কর্মীরা। যারা অ্যাডমিট কার্ড বাড়িতে ভুলে ফেলে রেখে এসেছিল পুলিশ সেইসব পরীক্ষার্থীর বাড়ি গিয়ে পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষার্থীদের হাতে তুলে দেয়। এমনই ঘটনা ঘটেছে আরামবাগের বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে। এদিন আরামবাগের সকল পরীক্ষা কেন্দ্রগুলিতে শান্তি ও নির্বিঘ্নে প্রথম দফার পরীক্ষা হয় বলে জানাগেছে।

