জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনের তিন সদস্যদের একটি দল তৃতীয় পর্যায়ে কেশপুর থানা এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে গ্রামবাসীদের কাছে ভোট পরবর্তী গন্ডগোলের অভিযোগ শোনেন। এদিন দুপুরে কমিশনের পরিদর্শনকারী দলটি কেশপুর থানায় এসে পৌঁছয়। পরে তারা অত্যাচারের অভিযোগ পাওয়া এই থানা এলাকার কলাগ্রাম ও গোলাড় গ্রামে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। এই এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে হামলার ছবিও তোলেন তাঁরা।
জানা গেছে, পরিদর্শনকারী দলটিতে দুজন ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক এমএস গিল ও বি.এস ত্যাগী এবং একজন এসপি পদমর্যাদার আধিকারিক এন কুমার ছিলেন। মানবাধিকার কমিশনের তিন সদস্যের এই পরিদর্শনকারী দলটি অত্যাচারের অভিযোগ উঠে আসা এলাকাগুলি সরেজমিন পরিদর্শন করেন।
তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি অজিত মাইতি অবশ্য অত্যাচারের অভিযোগ উড়িয়ে বলেছেন, নির্বাচনের ফল ঘোষণার পর কেশপুরের কোথাও কোনও গণ্ডগোল হয়নি।

