জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩০ জুন: বুধবার পশ্চিম মেদিনীপুর জেলাতেও যথাযথ মর্যাদায় উদযাপন হল হুল দিবস। প্রশাসনের উদ্যোগে জেলার মূল অনুষ্ঠানটি হয় জেলা পরিষদ হলের শহিদ স্মৃতি সদনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা, জেলাশাসক রেশমি কোমল, পুলিশ সুপার দিনেশ কুমার, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক অজিত মাইতি, উত্তরা সিংহ হাজরা, দিনেন রায় সহ অন্যান্য বিধায়ক এবং আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষরা।

বক্তারা তাদের বক্তব্যে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে তৎকালীন সময়ে সাঁওতাল বিদ্রোহের মূল নায়ক সিধু কানু মুর্মু সহ কয়েক হাজার আদিবাসী মানুষদের ভূমিকার কথা তুলে ধরেন। বর্তমান সময়ে আদিবাসী সহ অন্যান্য পিছিয়ে পড়া জনজাতির মানুষদের উন্নয়নে রাজ্য সরকারের উন্নয়নমুখী নানা প্রকল্পের কথা ও বক্তব্য তুলে ধরা হয়। এদিন ঝাড়গ্রামে জেলাশাসকের কার্যালয় চত্বরে সিধু কানু হলে যথাযথ মর্যাদায় হুল দিবস পালিত হয়েছে। বীর শহিদ সিধু কানুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এদিন শিলদা, বেলপাহাড়ি, লালগড় এলাকাতেও দিনটি উদযাপন করা হয়েছে। শালবনির ভীমপুর অঞ্চলে সিধু কানু মুর্মুর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় আদিবাসী মানুষ।

