শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হল হুকুম চাঁদ জুট মিল

আমাদের ভারত, ব্যারাকপুর, ২২ জুন: শ্রমিক মালিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল হালিশহর হুকুম চাঁদ জুট মিল। এই মিলের মোট পাঁচটি ইউনিট তার মধ্যে দুটি ইউনিটের শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। এক নম্বর ও দু’নম্বর ইউনিটের কাজ বন্ধ হয়ে যায়। ফলে মিলের অন্যান্য বিভাগের কাজও থমকে যায়।

প্রসঙ্গত, ৫ দিন আগে এই মিলের ভেতরে শ্রমিকদের মধ্যে গণ্ডগোল বাধে। যার জেরে আজ নৈহাটি থানার পুলিশ ওই মিলের দু’জন শ্রমিককে গ্রেপ্তার করে। সেই খবর জানাজানি হতেই মিলের শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। তারা গ্রেপ্তার হওয়া শ্রমিকদের ছাড়িয়ে আনার দাবিতে মিলের উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখায়। এরপর মিলের উৎপাদন ঠিক করে হচ্ছে না, ফলে মিলের ক্ষতি হচ্ছে এই কারণ দেখিয়ে মিল কর্তৃপক্ষ সাসপেনশান অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয়। এর জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে মিল চত্বরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে নৈহাটি থানার পুলিশ।

এদিন শ্রমিকরা অভিযোগ করেন যে, “দীর্ঘ দিন ধরেই মালিক পক্ষ মিলের কর্মীদের ছাটাই করতে করতে মিলের শ্রমিক সংখ্যা কমিয়ে দিয়েছে। বহু দিন ধরে এখানে কাজ করেও পার্মানেন্ট করা হচ্ছে না অস্থায়ী শ্রমিকদের তার বদলে বাইরে থেকে অন্য শ্রমিকদের আনা হচ্ছে। তাও আমরা সহ্য করে নিয়েছি। আর আজ আমাদের দুই শ্রমিককে পুলিশ গ্রেপ্তার করে। তাও মিলের মধ্যে গণ্ডগোল হয়েছিল সেই ঘটনায়। যদিও সেই গন্ডগোলের জন্য কোনো কিছু পদক্ষেপ নেওয়া হবে না বলে মিল কর্তৃপক্ষ আশ্বাস দিলেও সেটা তারা
মানেননি। তাই আমরা কাজ বন্ধ করে দিয়েছি। আমাদের শ্রমিকদের পুলিশের কাছ থেকে ছাড়িয়ে এনে দিতে হবে এটাই আমাদের দাবি।” তবে এই মিল বন্ধের ফলে প্রায় ছয় হাজার শ্রমিক কাজ হারালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *