পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গড়বেতা বিধানসভা এলাকায় জোরকদমে জনসংযোগ কর্মসূচি চালাচ্ছেন ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী প্রদীপ লোধা। সাম্প্রতিক কয়েকটি কর্মসূচিতে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

বগড়িরডিহি এলাকায় চা চক্রের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। এরপর স্থানীয় শিব মন্দিরে প্রণাম জানিয়ে জনসংযোগে অংশ নেন। পাশাপাশি পাথর বেড়িয়া রাম মন্দির দর্শন করে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।
চেমাই এলাকায় জনসংযোগ কর্মসূচিতে জনসমুদ্রের মধ্যে উপস্থিত থেকে মানুষের সঙ্গে কথা বলেন প্রদীপ লোধা। সাধারণ মানুষের সমস্যা, চাহিদা এবং উন্নয়নের প্রশ্নে তিনি তাঁদের আশ্বস্ত করেন। গড়বেতা ৪ নম্বর মণ্ডলের চেমিয়া এলাকাতেও একইভাবে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যায়।

এদিকে, গড়বেতার আলুচাষিদের দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে আলুর সঠিক দাম না পাওয়ায় হাজার হাজার চাষি আর্থিকভাবে বিপর্যস্ত। এমনই এক হতাশাগ্রস্ত আলুচাষি মাইতা সংলগ্ন ঠাকুরানীতলা গ্রামের বাসিন্দা, মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার পথ বেছে নিতে গিয়েছিলেন। স্থানীয় মানুষের তৎপরতায় তিনি প্রাণে বেঁচে যান।
এই ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়ে ওই চাষির বাড়িতে পৌঁছে তাঁর পাশে দাঁড়ান প্রদীপ লোধা। তাঁর মনোবল বাড়াতে কথা বলেন এবং ভবিষ্যতে কৃষকদের স্বার্থরক্ষায় কাজ করার আশ্বাস দেন।
প্রচার অভিযানে বারবার উঠে আসছে “ভূমিপুত্র” প্রসঙ্গ। স্থানীয় নেতৃত্বের উপর ভরসা রেখে উন্নয়নের ডাক দিয়েছেন তিনি। সমর্থকদের বক্তব্য, “আর নয় বহিরাগত, গড়বেতা চাইছে এবার ভূমিপুত্রের নেতৃত্ব।”
উল্লেখ্য, আসন্ন নির্বাচনে গড়বেতা বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে প্রদীপ লোধাকে ‘পদ্মফুল’ প্রতীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয়েছে কর্মসূচি জুড়ে।

