পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ১ নম্বর ব্লকের শরশঙ্কা বকুলতলার পাইকবাড় এলাকায় ভোররাতে একটি বড় আকারের ড্রোন যা পুরো এরোপ্লেনের মতো দেখতে ধানক্ষেতে পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ভোর প্রায় ৪টের সময় ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দাঁতন থানার পুলিশ এবং এলাকাটি ঘিরে তদন্ত শুরু করে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এত বড় আকারের ড্রোন আগে তারা কখনও দেখেননি। ফলে সেটি কোথা থেকে এলো এবং কীভাবে ধান জমিতে পড়লো, তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমেছে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এটি কোনও নজরদারি (surveillance) ড্রোন হতে পারে। অথবা কোনও সংস্থার পরীক্ষামূলক উড়ানের (trial) চলছিল। প্রযুক্তিগত ত্রুটির কারণেও পড়ে যেতে পারে। তবে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পুলিশ ড্রোনটি পরীক্ষা করে দেখছে এবং কোথা থেকে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

