গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৩ ফেব্রুয়ারি: যুবসাথী থেকে ভূমিহীনদের ফর্ম তোলার লাইনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লো আরামবাগ বিডিও অফিস চত্বরে। হাজার হাজার মানুষের ভিড়ে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঠেলাঠেলি, ধস্তাধস্তি, এমনকি ফর্ম কাড়াকাড়িও শুরু হয়ে যায়। ভিড়ের কারণে রীতিমতো প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় হয়। ফর্ম নিয়ে কাড়াকাড়ি, ধস্তাধস্তিতে অনেকেই অসুস্থ বোধ করেন। এমনই পরিস্থিতি তৈরি হয় যে সেখানে থাকা পুলিশও ঘটনা সামাল দিতে পারেনি।
শেষে আরামবাগ থানার আইসি রাকেশ সিং বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ নিয়ে আসেন ও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তাতেও গণ্ডগোল, হুড়োহুড়ি, কাড়াকাড়ি বন্ধ হয়নি। ধস্তাধস্তি চলতেই থাকে। দূর- দূরান্ত থেকে বিডিও অফিসে আসেন উপভোক্তারা। কেউ কোলের শিশুকে নিয়ে এসে দাঁড়ান লাইনে। অনেকে আবার ফর্ম না নিয়েই চলে যেতে বাধ্য হন।

