আগামী বছর নিজের স্কুলে বসেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা, বিজ্ঞপ্তি দিয়ে জানালো শিক্ষা সংসদ

আমাদের ভারত, ১০ ডিসেম্বর:আগামী বছর অর্থাৎ ২০২২ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিজেদের স্কুলে বসেই দিতে পারবে পরীক্ষার্থীরা। শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। অফলাইনে অর্থাৎ স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের। ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা সংসদের তরফের রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও পরীক্ষার্থীদের নাম নথিভুক্তকরণের জন্য ফর্মও পাঠানো হয়েছে।

দিন কয়েক আগে ২০২২ সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সূচি ঘোষণা করেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু পরীক্ষা কোথায় হবে তা নিয়ে কিছুই জানানো হয়নি। ফলে পরীক্ষার্থীরা নিজেদের স্কুলে পরীক্ষা দেবে নাকি অন্য স্কুলে তাদের সিট পড়বে তা নিয়ে সংশয় ছিল। আজ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফের জানিয়ে দেওয়া হল করোনা পরিস্থিতি যদি কোনো রকম অবনতি না হয় তাহলে আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টার অর্থাৎ নিজের স্কুলে দিতে পারবে পরীক্ষার্থীরা।

আগামী মার্চ মাসে রয়েছে মাধ্যমিক পরীক্ষা। তারপর ২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবার কথা। কিছুদিনের মধ্যেই স্কুল স্তরের টেস্ট পরীক্ষা। শিক্ষকদের একাংশ বারবার পড়ুয়াদের পরামর্শ দিচ্ছেন টেস্ট পরীক্ষাকে যেন কোনভাবেই তারা হাল্কাভাবে না নেয়। যদি করোনার জন্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার না নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে টেস্ট পরীক্ষার ফলাফল দেখেও মূল্যায়ন করা হতে পারে। দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়ে নিতে হবে বলে জানানো হয়েছে স্কুল গুলিকে। এই পরীক্ষার ফলাফল যত্ন সহকারে রেখে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়ভিত্তিক নম্বরও তুলে রাখতে হবে যত্ন সহকারে। পরবর্তী সময় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই নম্বর চাইতে পারে। আজকে এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তিও জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *