জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: রাজ্যে কবে লোকাল ট্রেন চলবে তার ঠিক নেই। বাস, ট্যাক্সি, অটো ইত্যাদি চলাচল স্বাভাবিক করার পরও লোকাল ট্রেনেই কেন সরকারের আপত্তি এ প্রশ্ন তুলেছেন অনেকেই। তারই মাঝখানে রেলের পক্ষ থেকে স্পেশাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে যাত্রীদের বেশি ভাড়া গুনতে হচ্ছে ঠিকই কিন্তু মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছেন ট্রেন যাত্রায়। সেই মতই এবার রেলের সংযোজন দিঘা-হাওড়া স্পেশাল ট্রেন।
ট্রেন যাত্রীদের বাড়তে থাকা চাহিদার কথা মাথায় রেখেই পুজোর আগেই চালু হচ্ছে স্পেশাল ট্রেন। লকডাউন ওঠার পর থেকেই সমুদ্র সৈকত দিঘায় অবসর কাটাতে যাওয়ার জন্য পর্যটকদের ভিড় বাড়ছে। দীঘাবাসীর জন্য সুখবর পুজোর আগেই এই ট্রেন চালু করল রেল। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ৭ সেপ্টেম্বর অর্থাৎ আজ মঙ্গলবার হাওড়া থেকে প্রথম যাত্রা শুরু করছে দিঘাগামী স্পেশাল ট্রেন। সাধ্যের মধ্যে দিঘা পৌঁছাতে পুজোর আগে তাম্রলিপ্ত এক্সপ্রেস চালুর জোরালো দাবি জানিয়ে আসছিলেন পর্যটকরা। করোনা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসায় পুজোর আগে তারা খোঁজখবর নেওয়া শুরু করেন দিঘাগামী ট্রেন কবে থেকে চলবে। সে নিয়ে ব্যাপক কৌতূহল ছিল পর্যটকদের মধ্যে। হাওড়া দিঘা ট্রেন চালু না হওয়ায় নিত্যযাত্রীদের মধ্যে বাড়ছিল ক্ষোভ। সেই দাবি কিছুটা হলেও মেনে নেওয়া হল।
এই পরিষেবা চালু হওয়ায় পর্যটকদের একদিকে যেমন সুবিধা হবে অপর দিকে দিঘার হোটেল মালিক এবং পর্যটন ব্যবসায়ীদের সুবিধা হবে বলেও মনে করছেন অনেকে। এবার পুজোয় অনেকেই কলকাতার ভিড় এড়াতে দিঘায় যাবেন। সড়ক পথে দিঘা গেলেও সাধ্যের মধ্যে সকলের পছন্দ ট্রেন। এই ট্রেন চালু হওয়ায় পর্যটক এবং পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন যে স্বস্তির নিঃশ্বাস ফেলল তা বলাই বাহুল্য।
এটি স্পেশাল ট্রেন হওয়ার সুবাদে যাত্রীদের আগে থেকে আসন সংরক্ষণ করতে হবে টিকিট কেটে। সংরক্ষিত আসন ছাড়া যাত্রীরা এই ট্রেনে চড়তে পারবেন না। সুবিধা অনুযায়ী যে কোনও স্টেশন বা স্থান যেখানে সংরক্ষিত টিকিট কাটার সুবিধা রয়েছে সেখান থেকেই টিকিট কাটা যাবে। অন লাইনেও আইআরটিসি পোর্টাল থেকে টিকিট কাটা যাবে। সেক্ষেত্রে যদি মোবাইল থেকে কেউ টিকিট কাটেন তাহলে মোবাইলেই টিকিট ডাউনলোড করে রেখে দিতে হবে।”
এই ট্রেন হাওড়া থেকে ছাড়বে সকাল ৬.৫০। সাঁতরাগাছিতে ২ মিনিট দাঁড়াবে। ৭.৬ সাঁতরাগাছি পৌঁছে ৭.৮ টে ছাড়বে। উলুবেড়িয়া থেকে ছাড়বে ৭.২৯, মেছেদা থেকে ৭.৫১, তমলুক থেকে ৮.৩০, কাঁথি থেকে ৯.২৭, রামনগর থেকে ছাড়বে ৯.৪৯ এরপরই দিঘায় পৌঁছাবে। ট্রেনটি দিঘা থেকে ছেড়ে আসবে বেলা ১০.৩৫ এ। রামনগর থেকে ছাড়বে ১০.৪৪ এ। এইভাবে কাঁথি থেকে ছাড়বে ১১.৮, তমলুক থেকে ১২.২, মেছেদা থেকে ১২.৩৫, উলুবেড়িয়া থেকে ১২.৫৯, সাঁতরাগাছি থেকে ১৩.১৯ এ ছেড়ে হাওড়া পৌঁছাবে ১৩. ৫৫ তে।

