হাওড়া এবং শিয়ালদা শাখায় রেল চলাচলেও করোনার প্রভাব, বাতিল বহু ট্রেন

আমাদের ভারত, কলকাতা, ২০ এপ্রিল: করোনা সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় রেল চলাচলেও প্রভাব পড়ল।বহু রেলকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন, ফলে শিয়ালদা এবং হাওড়া শাখায় বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে।

আজই সমস্ত রেকর্ড ভেঙে রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ ৮১৯ জন। ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪৬ জনের।

দীর্ঘদিন বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু ট্রেন চলাচলেও আবার প্রভাব ফেলতে শুরু করেছে করোনা। এবার রেল কর্মীরাও করোনায় আক্রান্ত হচ্ছেন।
পূর্ব রেলের শিয়ালদা ও হাওড়া শাখা মিলে মোট ৬২৪ জন রেলকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। শুধুমাত্র শিয়ালদাতেই ১০০ জন ড্রাইভার ও গার্ড সংক্রমিত হয়েছেন। হাওড়া ডিভিশনে ৬০ জন ড্রাইভার ও গার্ড করোনা সংক্রমিত হয়েছেন। এরফলে শিয়ালদা শাখায় মোট ২৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে ব্যারাকপুর, নৈহাটি, হাবড়া, দত্তপুকুর, কল্যাণী সীমান্ত এবং ক্যানিং লোকাল। তবে এখনও পর্যন্ত দুপুরের দিকে, অর্থাৎ তুলনামূলক ভাবে কম ব্যস্ত সময়ে বেশি সংখ্যক ট্রেন বাতিল করা হয়েছে। তবে ধীরে ধীরে ব্যস্ত সময়ের পরিষেবাতেও টান পড়তে শুরু করেছে বলে অভিযোগ রেলযাত্রীদের।

আজ সকালের ডানকুনি, ব্যারাকপুর এবং দমদম ক্যান্টনমেন্ট লোকাল বাতিল হয় বলে অভিযোগ উঠেছে। এ দিকে, চালক এবং গার্ডদের সংক্রমণের জেরে ট্রেনের সংখ্যা কমতে থাকলেও যাত্রী সংখ্যা অবশ্য খুব একটা কমেনি। ফলে ভিড়ে ঠাসাঠাসি করেই যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। প্রবল ভিড় হচ্ছে সোনারপুর, ক্যানিং, বারুইপুর, ডায়মন্ড হারবার, বারাসত, বনগাঁ লোকালে। ফলে ফের নতুন করে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *