আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৪ মার্চ: তৃণমূল কংগ্রেস ভোটের প্রচারে বিজেপিকে সাম্প্রদায়িক বলে অভিহিত করে আসছে সব জায়গায়। আজ কেন্দ্রীয় মন্ত্রী শাহনওয়াজ হুসেন চাঁচাছোলা ভাষায় যুক্তি দিয়ে তা খন্ডন করেন। তিনি বলেন, ২০০৭ সালে ১৪ মার্চ নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনার পর নন্দীগ্রামে এসেছিলেন শাহনওয়াজ হুসেন ও সুষমা স্বরাজ। সেদিন বিজেপি সাম্প্রদায়িক ছিল না। সেদিন জয় শ্রীরামে দিদির আপত্তি ছিল না। আজ বিজেপি সাম্প্রদায়িক। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন রেল মন্ত্রী ছিলেন সেদিন বিজেপি সাম্প্রদায়িক ছিল না। আজ সাম্প্রদায়িক। বড় মাপের একটি প্রশ্নের মুখে ফেলে দিয়ে তিনি তৃণমূল সুপ্রিমোকে একহাত নিয়েছেন।

বাংলায় ভোট প্রচারে এসেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধোনা করে ছাড়লেন কেন্দ্রীয় বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ মাইতির সমর্থনে আজ জনসভা ছিল ভগবানপুরের খেজুরতলায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ‘ভাতিজা’ কে’ও আক্রমণ করেন তিনি। ভরদুপুরে জনসভায় শাহনওয়াজ হুসেনের বক্তব্য শোনার জন্য বহু মানুষ অপেক্ষা করেছিলেন। যদিও আর কোনও বড় কেন্দ্রীয় বা রাজ্য নেতা এই সভায় আসেননি। মানুষজন কিন্তু সভার শেষ পর্যন্ত অপেক্ষা করেছিলেন।

