সাথী দাস, পুরুলিয়া, ১৫ আগষ্ট: বৃদ্ধ দম্পতির খুনের ঘটনায় এক জনকে গ্রেফতার করল পুরুলিয়া সদর থানার পুলিশ। ধৃত ওই আবাসনের নিরাপত্তা কর্মীর নাম জিতেন্দ্র পাল। তার বাড়ি পুরুলিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কেতিকার বিরিবাড়ি এলাকায়। গতকাল রাতে তার বাড়ি থেকেই গ্রেফতার করা হয়।
গত ৭ তারিখ সকাল ৭টায় পুরুলিয়া শহরের সাহেব বাঁধের কাছে প্রগতি এনক্লেভ আবাসনের ৩/এফ নম্বর ফ্ল্যাটের পরিচারিকা অঞ্জলি বাউরি এসে দেখেন বাড়ির দরজা খোলা। ভেতর ঢুকতেই দেখেন বৃদ্ধ খিরোদ সিংহ রায় (৭৬) মেঝেতে উপুড় হয়ে পড়ে রয়েছেন। মাথায় একটা বালিশ চাপা দেওয়া আছে। তাঁর স্ত্রী কৃষ্ণা রায়(৭২) বিছানার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। এই অবস্থায় দেখে চিৎকার করেন ওই পরিচারিকা। পরিচারিকার চিৎকারে আশপাশের ফ্ল্যাটের বাসিন্দারা ছুটে আসেন। বৃদ্ধ দম্পতির মেয়ে পম্পা সরকারকে খবর দেওয়া হয়।
ঘটনাস্থলে আসে পুরুলিয়া সদর থানার পুলিশ। খুনিকে ধরার জন্য আসানসোল থেকে আনা হয় ডগ স্কোয়াড টিমকে। ওই আবাসনের ১৮টি সিসি ক্যামেরার ছবি দেখে তদন্ত করে পুলিশ। সেদিন রাতে এই নিরাপত্তা কর্মীর ডিউটি ছিল। ফলে তার ওপরেও পুলিশের সন্দেহ বাড়ে। ঘটনার পর থেকেই এই নিরাপত্তা কর্মীর ওপর নজর রাখছিল পুলিশ। গতকাল রাতে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। ধৃতকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

