স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩ জুলাই: বিয়ের দুই মাসের মধ্যেই গৃহবধূকে গলায় ফাঁস লাগিয়ে খুন করার অভিযোগ উঠলো স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার সুরুন ২ গ্রাম পঞ্চায়েতের পাজল গ্রামে। মৃত ওই গৃহবধূর নাম রাবি খাতুন (২০)। ময়নাতদন্তের জন্য মৃতদেহকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পলাতক স্বামী সহ তার শ্বশুরবাড়ি লোকেরা। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পরিবারসূত্রে জানা গিয়েছে, ইটাহার থানার সুরুন ২ গ্রাম পঞ্চায়েতের পাজল গ্রামের বাসিন্দা এরশাদ আলির সাথে পাশের কোটাল গ্রামের রাবি খাতুনের সাথে প্রায় দু’মাস আগে বিয়ে হয়। বিয়েতে যৌতুক হিসেবে যা যা দরকার সবই দিয়েছে রাবি খাতুনের পরিবার। এরশাদের দাদা কোনো একটি রাজনৈতিক দলের হয়ে পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়েছে। ফলে বাড়িতে সব সময় লোকের আসা যাওয়া হতেই থাকতো। রাবি খাতুনের পরিবারের অভিযোগ, গতকাল রাতে এই বিষয়টি রাবি খাতুন তার ভাইকে ফোন করে জানানোর পাশাপাশি রাবিকে কয়েকদিনের জন্য বাড়িতে নিয়ে যেতে বলে। তার পরেই রাবি খাতুনের পরিবারের সদস্যদের ফোন করে জানানো হয় যে বাজ পড়ে রাবি খাতুনের অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই কথা শুনে রাবি খাতুনের পরিবারের সদস্যরা হাসপাতালে এসে দেখে রাবি খাতুন মৃত অবস্থায় পড়ে রয়েছে। শ্বশুরবাড়ি লোকেরা তাকে হাসপাতালে রেখে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তারা।

এই ঘটনায় রাবি খাতুনের স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ইটাহার থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারা। ঘটনার পর থেকে পলাতক স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা। মৃত রাবি খাতুনের দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। স্বামী ও শ্বশুর বাড়ির লোকের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইটাহার থানার পুলিশ।
রাবি খাতুনের পরিবারের সদস্য মিজানুর রহমান জানিয়েছেন, তারা যদি না খুন করে তাহলে রাবিকে হাসপাতালে রেখে কেন পালিয়ে গেল। স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকেরা তাকে মেরে গলায় ফাঁস লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ করে তিনি। পাশাপাশি তিনি আরও বলেন, যারা রাবি খাতুনকে খুন করেছে তাদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। কোনো রাজনৈতিক কারণে রাবিকে খুন করা হয়নি বলে দাবি তাদের।

