সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১০ ফেব্রুয়ারি: জঙ্গলের ঝোপে শুকনো পাতায় ঢাকা
এক গৃহবধূর আধপোড়া দেহ পড়ে থাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাইপুর থানার মটগোদা এলাকায়। গতকাল রাতে মটগোদা লাগোয়া জঙ্গল থেকে গৃহবধূ অলকা কদমা (৫৬)- র অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, জঙ্গলের একটি ঝোপের মধ্যে শুকনো পাতায় ঢাকা মৃতদেহ নজরে আসে। শুকনো পাতায় ঢাকা থাকায় স্পষ্ট দেখা যাচ্ছিল না। সেই সময় হাওয়ায় পাতা সরতেই বেরিয়ে পড়ে গৃহবধূর অর্ধদগ্ধ দেহ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, মৃতার বাড়ি রাইপুর থানার বেঘুয়া গ্রামে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে, ওই গৃহবধূ জঙ্গলের নির্জন জায়গায় গিয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ অর্ধদগ্ধ দেহটি উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।
মৃতার পরিবার সূত্রে জানাগেছে, পারিবারিক বিষয় নিয়ে পুত্রবধূর সঙ্গে কথাকাটি হয় অলকার। তারপর সে বাড়ি থেকে বেরিয়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পাননি পরিবারের লোকজন। অন্যদিকে পুলিশ স্থানীয় সূত্রে খবর পেয়ে মটগোদা লাগোয়া জঙ্গল থেকে ওই মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার করে। রাতে থানায় গিয়ে দেহটি শনাক্ত করে পরিবারের লোকজন। এই ঘটনা নিছক আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। দেহটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি পুলিশের তরফে তলব করা হয়েছে ফরেনসিক বিশেষজ্ঞদেরও।
অন্যদিকে এই মৃত্যু ঘিরে সন্দেহও দানা বেঁধেছে। জঙ্গলে গিয়ে কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগালে তার জেরে বনের শুকনো পাতায় আগুন লেগে তা ছড়িয়ে পড়ত। কেরোসিনের বোতল ও দেশলাই মিলত। এসব কিছু না মেলায় সন্দেহ জোরালো হচ্ছে।

