জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ মে: গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের ছোটতাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম পম্পা ঘোষ, বয়স আনুমানিক ৩৬ বছর। পরিবার সূত্রে জানা যায় ওই গৃহবধূর শ্বশুরবাড়ি বাঁকা এলাকার কাশকুলি গ্রামে, ৮ মাস আগে সাংসারিক অশান্তির কারণে বাপের বাড়িতেই থাকতো ওই গৃহবধূ। গতকাল রাতে পরিবারের সাথে ছিলেন তিনি।সকালবেলায় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। এরপর বাড়ির অদূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পরিবার পরিজনরা।এরপর খবর পেয়ে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি কি কারণে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে।

