সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৬ এপ্রিল: বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে আসতেই গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে খুন। এমনই অভিযোগ মৃতের পরিবারের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কলমবাগান এলাকায়। মৃতের নাম সান্তনা প্রামানিক।
স্থানীয় সূত্রে জানাগিয়েছে, বাগদা থানার হেলেঞ্চার বাসিন্দা সান্তনা প্রামানিকের দত্তফুলিয়ায় বিয়ে হয়েছিল। তার স্বামী বর্তমানে ভিনদেশে কর্মরত। শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেলার কারণে বনগাঁ থানার কলমবাগানে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন সান্তনা প্রামানিক তার একমাত্র মেয়েকে নিয়ে। এদিন সান্তনার মেয়ে মামার বাড়িতে ছিল। সান্তনার বাবা লক্ষ্মণ শীল জানান, মঙ্গলবার সকাল থেকে মেয়েকে ফোনে না পেয়ে সন্ধ্যার সময় তার স্ত্রী সান্তনার মেয়েকে নিয়ে কলমবাগানে যায়। ঘরে গিয়ে দেখে গলায় ফাঁস লাগানো অবস্থায় খাটের উপরে পড়ে রয়েছে সান্তনার দেহ। পরবর্তীতে বনগাঁ থানায় খবর দিলে বনগাঁ থানার পুলিশ এসে সান্তনার দেহ উদ্ধার করে। তাদের অভিযোগ, বেশ কিছুদিন আগে থেকে বাগদার বাসিন্দা অনন্ত সাহা নামে এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিল সান্তনা। সেই সম্পর্ক থেকে বেড়িয়ে আসতে চাইছিল। আমাদের অনুমান সেই কারণেই সান্তনাকে গলায় ফাঁস দিয়ে খুন করেছে অনন্ত। অনন্তর যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই আবেদন জানিয়েছে মৃতের পরিবার।
এই বিষয়ে সান্তনার ভাই মিঠুন শীল বলেন, বোনের সঙ্গে সম্পর্ক ছিল অনন্তর সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার কারণেই এই ঘটনা ঘটিয়েছে অনন্ত। বোনের মোবাইল, সোনা ও নগদ টাকা উধাও। পুলিশ এই ঘটনার সঠিক তদন্ত করে অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেবে আমরা সেই আশা রাখছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।


Pingback: বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বেরোতে গৃহবধূকে খুন - নির্যাতনের নথি
Pingback: নির্যাতনের নথি: ২৭ এপ্রিল ২০২৩ - নির্যাতনের নথি