অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম,১৮ ডিসেম্বর: সারারাত ধরে চলল হাতির তাণ্ডব। গতকাল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের খুদমরাই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তান্ডব চালালো হাতির দল। শুড়ে পেঁচিয়ে একটি ছেলেকে আছড়ে মেরেছে হাতির দল।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল এ দল হাতি খুদামারাই এলাকাতে ঢুকে পড়ে। যার ফলে আতঙ্কিত হয়ে যায় এলাকার সাধারণ মানুষজন। ওই হাতিগুলি খুদামারাই গ্রাম পঞ্চায়েত এর বনকাটি, খুদমারাই, ডুমুরিয়া গ্রামে তাণ্ডব চালায়। গতকাল রাত ৮টা নাগাদ খুদমরাই গ্রাম পঞ্চায়েত এর বনকাটি এলাকায় হিরক মাহাতো নামের একটি ছেলেকে ছুঁড়ে আছড়ে মেরে ফেলে ওই হাতির দলটি।
তাতেও শেষ হয়নি হাতির তাণ্ডব। ওখান থেকে বেরিয়ে হাতিগুলি চলে আসে ডুমুরিয়া গ্রামের দিকে। ডুমুরিয়া গ্রামে এসে রাতভর তাণ্ডব চালায় হাতিগুলি। ভাঙ্গলো একাধিক বাড়িঘর। যার ফলে আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন হেমব্রম মঙ্গল মুর্মু এবং কাঁদু হাঁসদা এই তিন ব্যক্তির বাড়ি ঘর ভাঙচুর করে হাতির দল।

