আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৮ আগস্ট:
স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় গৃহবধূকে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বারুইপুরের সুবুদ্ধিপুর বেলতলা এলাকায়। মৃতার নাম প্রিয়াঙ্কা মিদ্দে চক্রবর্তী। এই ঘটনায় মৃতার স্বামী আশিস চক্রবর্তীকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। ধৃতকে শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর দেড়েক আগে প্রেম করেই বিয়ে হয়েছিল আশিস ও প্রিয়াঙ্কার। প্রিয়াঙ্কা স্থানীয় একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন। সব কিছু ঠিকই চলছিল। কিন্তু মাসকয়েক আগে প্রিয়াঙ্কা জানতে পারেন আশিসের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। গ্রামেরই অন্য এক মহিলার সাথে সম্পর্ক রয়েছে তার। এই সম্পর্কের প্রতিবাদ করলে সংসারে অশান্তি শুরু হয়। প্রিয়াঙ্কাকে নানা ভাবে শারিরিক ও মানসিক অত্যাচার করা হত বলে অভিযোগ তার পরিবারের। শুক্রবার রাতে অশান্তি চরমে উঠলে ঐ গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করে ঘরের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তার পরিবারের। শনিবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে। তড়িঘড়ি তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এ বিষয়ে প্রিয়াঙ্কার বাপের বাড়ির সদস্যরা বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

