জয় লাহা, দুর্গাপুর, ২৫ জুলাই: সাব ডিলারের দোকানে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। ঘটনায় ভেঙ্গে পড়ল দোকান। কেঁপে উঠল গোটা এলাকায়। দোকানের ছাদ চাপা পড়ে জখম হল ৪ জন, আহত হল আরও এক পথচলতি নাবালক। রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ফরিদপুর ব্লকের নতুনডাঙ্গা এলাকায়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দোকান থেকে উদ্ধার হয়েছে প্রায় আড়াইশো সিলিন্ডার।
ঘটনায় জানা গেছে, ফরিদপুর ব্লকের নতুনডাঙ্গা এলাকায় রয়েছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি গ্যাসের সাব-ডিলারের দোকান। এদিন রাত ন’টা নাগাদ ওই দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কংক্রিটের তৈরী দোকান ঘরটি ভেঙ্গপ পড়ে। দোকান ঘরের ছাদ ভেঙ্গে কালী ঘোষ (২৫), মিঠুন ঘোষ (২৬), সুমন্ত বাউরি, বরুণ বাদ্যকর (৩২) নামে চারজন চাপা পড়ে জখম হয়। এছাড়াও পাশ দিয়ে যাওয়া এক নাবালক আহত হয়। বিস্ফোরণের তিব্রতা এতটাই ছিল যে আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আওয়াজ শুনে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর- ফরিদপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকলের একটি ইঞ্জিন। স্থানীয়দের সহযোগিতায় ঢালাই চাঙড় সরিয়ে চাপা পড়ে থাকা চারজনকে উদ্ধার করে পুলিশ ও দমকল কর্মীরা। রাস্তা দিয়ে যাওয়া এক নাবালকও আহত হয়। আহত সকলকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাস্থলে আসেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তি। তিনি জানান, গ্যাস সিলিন্ডারগুলি নিষ্ক্রিয় করার জন্য ইসিএল’কে জানানো হয়েছে। এছাড়াও বিপর্যয় মোকাবিলাকারী দলকে খবর দিয়েছি।
“স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্যাসের দোকানের ব্যবসায়ী অক্ষয় পাল ওরফে কার্ত্তিক। তিনি ওই দোকান ঘরটি ভাড়া নিয়ে রান্নার গ্যাসের ব্যবসা করতেন। তবে কি কারণে সিলিন্ডার ফাটল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যদিও পুলিশ জানিয়েছে,” গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

