উত্তপ্ত চোপড়া! বাম এবং কংগ্রেস প্রার্থীদের লক্ষ্য করে গুলি, প্রাণ গেল একজনের, আহত অনেক

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৫ জুন: মনোনয়ন পর্বের শেষ দিনেও ঝরলো রক্ত। ভাঙর, ক্যানিং এর পর উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া। বাম এবং কংগ্রেসের প্রার্থীদের লক্ষ্য করে চলল গুলি। ঘটনায় আহত বেশ কয়েকজন। তাদের হাসপালে ভর্তি করা হয়েছে। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার শেষদিনে মিছিল করে চোপড়া বিডিও অফিসে নমিনেশন দিতে যাচ্ছিলেন বাম এবং কংগ্রেসের প্রার্থীরা। অভিযোগ সেই মিছিলেই গুলি চালানো হয়। অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ ঘটনায় গুলিবিদ্ধ হয় বেশ কয়েকজন। তাদের তড়িঘড়ি উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বাকীদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ বিডিও অফিস থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে এই গুলি চলে। শাসক দলের বিরুদ্ধে গুলি চালালোর অভিযোগ। যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের কাঁধে করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে চোপড়া থানার বিরাট পুলিশ বাহিনী। এই হামলা পরিকল্পিত বলে দাবি বাম কংগ্রেস নেতৃত্বের। ঘটনায় শাসক দলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চোপড়াতে এখনও পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারেননি বাম কংগ্রেসের প্রার্থীরা।

অপরদিকে, পরে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ফোনে জানিয়েছেন,”আমি এখন ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে রয়েছি নমিনেশন প্রক্রিয়ায়। চোপড়ার একটি ঘটনা শুনেছি। সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। সমস্তটা জেনেই মন্তব্য করতে পারব। পুলিশ প্রশাসনকেও বলেছি যাতে মনোনয়ন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *