ঘাটালে ভয়াবহ পথ দুর্ঘটনা জখম ৬, অবরোধ স্থানীয় বাসিন্দাদের

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ আগস্ট:
শুক্রবার সকালে ঘাটালের বরদা রথিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা হলো। এই দুর্ঘটনায় জখম হয়েছেন ৬ জন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার পর এলাকার বাসিন্দারা রাজ্য সড়কে বাম্পার বসানোর দাবিতে, পথ অবরোধ করেন। ঘাটাল থানার পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জানা গিয়েছে, ওই এলাকায় বিদ্যুতের খুঁটি বসানোর জন্য যাচ্ছিলেন কয়েকজন বিদ্যুৎ দপ্তরে কর্মী। বিদ্যুতের খুঁটি নামানোর সময় ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দা সহ ৬ জন জখম হন। দুর্ঘটনার পর এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা রাজ্য সড়কের ওই স্থানে বাম্পার বসানোর দাবিতে অবরোধ শুরু করেন। উত্তেজনা চরমে ওঠে।

ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, বিশাল পুলিশবাহিনী নিয়ে এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন দাবি করা সত্ত্বেও কোনও বাম্পার বসানো হয়নি, সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে। তারা অবিলম্বে বাম্পার বসানোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *