অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৬ এপ্রিল: ভরদুপুরে গোপীবল্লভপুর বাজারে একটি ইলেকট্রনিক্সের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ভস্মীভূত দোকানের নীচে থাকা গোডাউন। আগুন লাগার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আগুন এতটাই জোরালো ছিল যে দমকলের জল শেষ হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। পরে আরো একটি ইঞ্জিন আসে। দোকানের কয়েক লক্ষ টাকার সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, শনিবার দুপুরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বাজারের ডোমপাড়া এলাকার ফ্রেণ্ডস ইলেকট্রনিক্স নামে একটি ইলেকট্রনিক্সের দোকানের একটি অংশে আগুন দেখতে পান দোকানে কর্মরত কর্মচারী। দোকানে কর্মী এবং পাশাপাশি দোকানদার এবং বাসিন্দারা সঙ্গে সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। দমকলের ২ টি ইঞ্জিন এসে ভিতরের দরজা ভেঙ্গে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় দোকানটির নীচের তলায় থাকা গোডাউনের একাধিক মূল্যবান ইলেকট্রনিক্স সামগ্রী। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। কী কারণে আগুন লাগল তার তদন্ত শুরু করেছে গোপীবল্লভপুর থানার পুলিশ ও দমকল কর্মীরা।

