আমাদের ভারত, ১৬ মে: “কোনো রকম প্ররোচনা বা লোভে পা না দিয়ে সৎ ভাবে পরিশ্রমই এনে দিয়েছে সাফল্যের এই দিন। তাই আজ প্রত্যেকের জন্যই শুভকামনা”। ভারত সরকারের ‘রোজগার মেলা’ নিয়ে উচ্ছ্বসিত কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।
চাকরিতে নতুন দিশা– ভারত সরকারের চাকরির নিয়োগপত্র প্রদানে এবার এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে ভারত সরকার। গোটা দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে রোজগার মেলা। চাকরির পরীক্ষায় সফল প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার জন্যই এই উদ্যোগ। সারা দেশের মত কলকাতার ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে ভারতীয় ডাকের উদ্যোগে সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে এই রোজগার মেলা। এদিন এই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সরকারের পক্ষ থেকে এদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এই অনুষ্ঠানে ডাক বিভাগ সহ আরও দশটি বিভাগের চাকরি প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হয়। তবে ডাক বিভাগের নিয়োগপত্রের সংখ্যা ছিল সর্বোচ্চ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে এদিন সকল প্রার্থীদের তাদের আগামী জীবনের জন্য শুভকামনা জানান প্রধানমন্ত্রী।
এদিন এক চাকরি প্রার্থীর কাছে শান্তনু ঠাকুর তার অভিজ্ঞতার কথা জানতে চাইলে সেই প্রার্থী বলেন, এতদিনের কঠিন পরিশ্রমের পর এরকম অনুষ্ঠানের মাধ্যমে নিয়োগপত্র হাতে পাওয়ার অভিজ্ঞতা সত্যিই অন্যরকম। যুদ্ধ জয়ের আনন্দ হচ্ছে।” অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ ডঃ সুকান্ত মজুমদারের হাতে স্মারক তুলে দেন ডাক বিভাগের পি এম জি, কলকাতা রিজিয়ন সঞ্জীব রঞ্জন।

