আমাদের ভারত, ব্যারাকপুর, ৬ মে: ফের বোমাবাজি ও বিজেপি কর্মীদের বাড়ি ভাঙ্গচুরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠলো ভাটপাড়ার সুকিয়া পাড়া এলাকা। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে নামানো হয়েছে র্যাফ এবং কেন্দ্রীয় বাহিনী।
নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই অশান্তি শুরু হয়েছে
জগদ্দল ও ভাটপাড়া বিধানসভা কেন্দ্র এলাকায়। বুধবার গভীর রাতে ভাটপাড়ার বিজেপি কর্মী পিন্টু সাউ সহ বেশ কয়েক জনের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ, দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের বাড়িতে ব্যপক ভাঙ্গচুর করে ও লুট পাট চালায়। সেই সঙ্গে এলাকায় চলে বোমাবাজি। প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে পালিয়ে যান বিজেপি কর্মীরা।

খবর পেয়ে ঘটনাস্থে পৌঁছয় ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় র্যাফ। বুধবার গভীর রাতেই সুকিয়া পাড়ার আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি যান ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ির লোকদের সাথে কথা বলেন অর্জুন সিং। আক্রান্তদের বাড়ির সদস্য দের বক্তব্য, “আমাদের বাড়ির লোকেরা বিজেপি দল করেন তাই দুষ্কৃতীরা এসে আমাদের বাড়ি ভাঙ্গচুর করেছে, বাড়ির অনেক জিনিস লুট করে নিয়ে গেছে।”এই গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পরেছেন এলাকাবাসী।

