সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩০ ডিসেম্বর: হাতির হানায় ঘর ভেঙ্গে যাওয়ায় গৃহহীন হয়ে পড়লেন এক জন মজুর মহিলা। বড়জোড়া রেঞ্জের জঙ্গল লাগোয়া সয়েরগ্রামে গতকাল রাতে এই ঘটনা ঘটে।
এদিন ২টি দাঁতাল রাত ২টো নাগাদ হানা দেয় গ্রামের খেতমজুর মানা বাউরির বাড়িতে। শীতের রাতে বাড়ির দরজা জানালা বন্ধ করে গোটা গ্রাম তখন ঘুমিয়ে। সেই সময় খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়া দুই জংলি হাতি মানা বাউরির বাড়িতে হানা দেয়। মানা বাউরি ১টি মাটির বাড়িতে স্বামী, ছেলে ও ছেলের বউ এক সদ্যোজাত নাতিকে নিয়ে থাকেন। বাড়ির এক কোনায় কয়েক বস্তা ধান রাখা ছিল। দাঁতাল ২টি তারই সন্ধান পেয়ে দেওয়ালে ধাক্কা মারে। হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে দেওয়ালের একাংশ। তখনই টের পান হাতির হানার। তিনি বলেন, সকলেরই ঘুম ভেঙে গেছিল। আমরা জড়সড় হয়ে বসে থাকি এক কোনায়। ততক্ষণে পাড়ার সকলেই জেনে গেছে, হাতির আক্রমণ হয়েছে। তারাই মশাল জ্বেলে হাতি ২টিকে তাড়িয়ে জঙ্গলে ঢুকিয়ে দেয়। তিনি বলেন, আর একটু হলেই পরিবারের সকলেই বাড়ি চাপা পড়ে মারা যেতাম।
মানা বাউরি বলেন, আমরা গরিব, খেটে খাওয়া মানুষ। বাড়ি তৈরি করার ক্ষমতা আমাদের নেই। সরকার হাতির জন্য কোটি কোটি টাকা খরচ করছে। এখন বন দফতর আমার বাড়ি তৈরি করে দিক। তা নাহলে আমাদের গাছ তলায় আশ্রয় নিতে হবে।
বড়জোড়ার রেঞ্জ অফিসার ঋত্বিক দে বলেন,নিয়মানুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। এই মুহূর্তে উত্তর বাঁকুড়া বনবিভাগের বড়জোড়া রেঞ্জের বড়জোড়ায় ২২টি, উত্তর সরাগড়ায় ৩টি, দক্ষিণ সরাগড়ায় ১টি, মাঁজমুড়ায়
১টি, সাহারজোড়ায় ৪০টি ও বেলিয়াতোড় রেঞ্জের রশিকনগরে ১টি হাতি রয়েছে বলে জানাগেছে।

