আমাদের ভারত, বর্ধমান, ২৯ জুন:
বিজেপির ঘরছাড়া কর্মীদের ঘরে ফিরতে হলে দিতে হচ্ছে মোটা টাকার জরিমানা, এমনই অভিযোগ বিজেপি কর্মীদের। সোমবার বর্ধমান সার্কিট হাউসে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন আক্রান্ত বিজেপি কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা। সেখানে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সদস্যা ডঃ আর বি এল দেশাইয়ের সঙ্গে দেখা করে তাদের এই অভিযোগ জানান।
ঘরছাড়া বিজেপি কর্মীদের অভিযোগ, ভোটের ফল ঘোষণারর পর থেকে শাসকদলের অত্যাচারে, সন্ত্রাসে পরিবার পরিজন নিয়ে তারা ঘরছাড়া হয়ে আছেন। বাড়ি ফিরলেও তাদের মারধর করা হয়, ঘরবাড়িতে লুটপাট চালানো হয়। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এদিন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের কাছে অভিযোগ জানাতে পূর্ব বর্ধমান জেলার বিভিন্নপ্রান্ত থেকে ঘরছাড়া, আক্রান্ত বিজেপি কর্মীরা সার্কিট হাউসে উপস্থিত হন। শুধু পূর্ব বর্ধমান জেলা নয়, নদীয়া জেলা থেকেও বেশ কয়েকজন আক্রান্ত বিজেপি কর্মী এদিন এই প্রতিনিধি দলের সাথে দেখা করতে আসেন।
খন্ডঘোষের বাসিন্দা রাখি রায় বলেন, ‘বিজেপি করার জন্য তৃণমূল আমার উপরে হামলা চালিয়েছে। নির্বাচনের ফল বেরোনোর পর থেকে আমি ঘরছাড়া ছিলাম। এরপর পুলিশ আমাকে ঘরে ফেরালেও আমার উপরে ফের হামলা হয়েছে। এমনকি খন্ডঘোষ থানার ওসিও দুব্যবহার করেছে। ফলে আমি ফের ঘর ছাড়া হয়ে আছি।’
সার্কিট হাউসে বিজেপি কর্মী সমর্থকদের কাছ থেকে অভিযোগ শোনার পর মানবাধিকার কমিশনের সদস্যা ডাঃ আর বি এল দেশাই কথা বলেন পুলিশ আধিকারিকদের সঙ্গে। তিনি বলেন, নালিশ জানাতে এসে যেন কেউ বাধা না পায় তা দেখার দায়িত্ব পুলিশ প্রশাসনের। পুলিশ বিজেপি কর্মীদের নির্বিঘ্নে বাড়ি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে।

