আমাদের ভারত, ৬ মে: বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জাগদীপ ধনকরের কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি নিয়ে তদন্ত করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর জন্য ইতিমধ্যেই চার সদস্যের একটি দল বাংলায় এসেছে। অতিরিক্ত সচিব পর্যায়ের এক আধিকারিকের নেতৃত্বাধীন ওই দল বৃহস্পতিবারই রাজ্যে পৌঁছয়।
জানা গেছে, হিংসায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকাঘুরে দেখবে কেন্দ্রের পাঠানো ওই প্রতিনিধি দল। রাজ্য থেকে ফেরার পরে ওই দল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট জমা দেবে। বুধবার ভোট পরবর্তী হিংসা নিয়ে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকারকে সতর্কবার্তা দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানে বলা হয়, ভোট পরবর্তী হিংসা নিয়ে অবিলম্বে রিপোর্ট না পাঠালে বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে। মঙ্গলবার এই বিষয়ে একটি টুইটও করা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। সেখানে প্রশ্ন তোলা হয়েছিল, নির্বাচনের পর পশ্চিমবঙ্গের বিরোধী দলের কর্মীরা কেন আক্রান্ত হচ্ছেন?এমনকি রাজ্যপাল জগদীপ ধনকরকে ফোন করেও এ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অন্যদিকে, মমতা বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেওয়ার দিন রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনার প্রতিবাদে ধর্নায় বসে ছিল রাজ্য বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তারপরই তদন্তের জন্য রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এরপর আবার রাজ্যপালের কাছ থেকেও রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

