পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ ফেব্রুয়ারি: হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। বিজ্ঞপ্তিতে বলেই দেওয়া হয়েছে এই নিয়োগ করা হবে অস্থায়ী ভিত্তিতে। জেলার ডেবরা, খড়্গপুর লোকাল, কোতোয়ালি, শালবনি, গড়বেতা, নারায়ণগড়, বেলদা, দাঁতন থানায় এই হোমগার্ডদের নিয়োগ করা হবে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ১০০।
থানা ভিত্তিক তালিকায় রয়েছে ডেবরা ১২, খড়্গপুর লোকাল ৩২, কোতোয়ালি ১২, শালবনি ১০, গড়বেতা ১০, নারায়ণগড় ৮, বেলদা ৮ এবং দাঁতন ৮।

বয়সসীমা, যোগ্যতা ও বেতন ২০২৩-এর ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির আবেদনকারীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
আবেদনকারীকে অবশ্যই অষ্টম শ্রেণি পাশ হতে হবে। এছাড়া আবেদনকারীকে বাংলা লিখতে ও পড়তে জানতে হবে। এখানে বেতন হিসেবে দৈনিক মিলবে ৫৬৫ টাকা করে।
দৈহিক উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা হতে হবে ১৬০ সেমি, বুক ৭৬ ইঞ্চি, ওজন ৫১ কেজি। অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৫১ সেমি এবং ওজন ৪৪ কেজি। আবেদনপত্র পাওয়ার পরে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং দৈহিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। এরপর হবে মেডিক্যাল টেস্ট। এইভাবে বাছাইয়ের পরে দৈহিক সক্ষমতার পরীক্ষায় পুরুষ প্রার্থীদের ৮ মিনিটের মধ্যে ১৬০০ মিটার এহং মহিলা প্রার্থীদের ৫ মিনিটে ৮০০ মিটার দৌড়তে হবে।

আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্কের পাস বইয়ের জেরক্স কপি এবং দু’কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে। তবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০২৩-এর ১৭ ফেব্রুয়ারি। আবেদন করার আগে আবেদনকারীকে নিয়োগের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে।

