“ছুটি রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস স্তূপে পরিণত করবে“— বাপী প্রামানিক

আমাদের ভারত, ১৩ জুন: আরও ১১ দিন বাড়ল গরমের ছুটি। ২৬ জুন পর্যন্ত গরমের ছুটি বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের শিক্ষা দফতর। স্কুলের বর্ধিত গ্রীষ্মের ছুটি নিয়ে প্রতিবাদ জানাল বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘ।

সোমবার সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক বাপী প্রামানিক বলেন, “রাজ্য সরকারের এই ছুটি রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করবে। রাজ্যের বিদ্যালয়ে বিদ্যালয়ে অপ্রতুল শিক্ষক সংখ্যাকে লুকিয়ে রাখার জন্য, শিক্ষার বেসরকারিকরণের জন্য ক্রমাগত রাজ্যের বিদ্যালয় শিক্ষাকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। এই রকম বারবার বর্ধিত ছুটি না দিয়ে রাজ্য সরকার বরং স্কুলগুলোর পরিকাঠামোগত উন্নয়ন এমন ভাবে করুক যাতে গ্রীষ্মের নির্দিষ্ট ছুটির বাইরে অযথা শিক্ষা দিবস নষ্ট না করে যাতে পঠনপাঠনের মান উন্নয়ন করা যায়।”

বাপীবাবুর অভিযোগ, রাজ্যব্যাপি শিক্ষক ও শিক্ষা কর্মীদের পেশাগত সুবিধার বঞ্চনার (নিয়োগ দুর্নীতি, বকেয়া মহার্ঘ্যভাতা ইত্যাদি) বিরুদ্ধে যে আন্দোলন চলছে তা যাতে দানা বাঁধতে না পারে তাই সরকার ন্যক্কারজনক ভাবে বিদ্যালয় শিক্ষাকে শেষ করে দিতে চায়।

শিক্ষার বেসরকারিকরণকে দ্রুত লাগু করার এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের সংগঠন তীব্র লড়াইয়ে নেমেছে। ভবিষ্যতে রাজ্যের বিদ্যালয় শিক্ষা সহ শিক্ষা ব্যবস্থার উন্নতিতে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘ বিরামহীন ভাবে আন্দোলন ও জাতীয় শিক্ষার স্বার্থে কাজ করে চলবে।”

এর আগে ১৫ জুন পর্যন্ত গরমের ছুটির সিদ্ধান্ত জানানো হয়েছিল। তীব্র গরমের কারণে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনার জন্য শিক্ষা দফতরকে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী। যার ভিত্তিতে এগিয়ে আনা হয়েছিল গ্রীষ্মের ছুটি। গত রবিবার গরমের ছুটি আরও বাড়ানো যায় কিনা তা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন বলে দাবি সংশ্লিষ্ট সূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *