“তৃণমূলের ভোট লুঠ আটকাতে ডান্ডা ধরুন, পুলিশ ধরলে ১ মাসে বাড়ি ফেরাবো,” দলের কর্মীদের পাশে দাঁড়িয়ে আশ্বাস সুকান্তর

আমাদের ভারত, ২ জুলাই:
পঞ্চায়েত নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুথ লুট করতে আসে তাহলে ঝান্ডার সঙ্গে ডান্ডা নিয়ে রুখে দাঁড়ান। সেক্ষেত্রে পুলিশ যদি গ্রেপ্তার করে তাহলে এক মাসের মধ্যে বাড়ি পৌঁছে দিয়ে আসবো।রবিবার বীরভূমের ময়ূরেশ্বর পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে দলীয় কর্মীদের এমনই প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । একই সঙ্গে পুলিশের উদ্দেশ্যে তার হুঁশিয়ারি, বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলি চালালে আদালতে গিয়ে ওসির উর্দি খুলে নিয়ে আসব।

সুকান্ত মজুমদার বলেন, আপনারা তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করে যান। আপনারা যখন দলীয় পতাকা বাঁধতে যাচ্ছিলেন তখন এই থানার ওসি বলেছেন গুলি চালিয়ে দেব। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি একজন কার্যকর্তার গায়ে গুলি চালান। হাইকোর্টে গিয়ে আপনার উর্দি খুলে দিতে না পারলে আমার নামও সুকান্ত মজুমদার নয়।

শনিবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন, ২৪ সালে আমরাই সরকার গড়বো। সুকান্ত এর পাল্টা দিয়ে বলেন, ২৪ সালে যদি তৃণমূল সরকার গড়ে, তাহলে হাতিও জামা প্যান্ট পরে ঘুরবে। আর পারলে আমার বিরুদ্ধে সিবিআই লাগান। তবে বলে রাখি, ভোটের দিন কাউকে ভোট লুট করতে দেবেন না। তার জন্য ঝান্ডার সঙ্গে মোটা মোটা ডান্ডা রাখুন। কেউ বুথ লুঠ করতে এলে শায়েস্তা করুন। পুলিশ ধরে নিয়ে গেলে এক মাসের মধ্যে আপনাকে বাড়িতে পৌঁছে দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *