আমাদের ভারত, নন্দীগ্রাম, ৯ মার্চ: মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে আসার আগে হোর্ডিং পড়ল, “নন্দীগ্রাম মেদিনীপুরের ভূমিপুত্রকে চায় বহিরাগতকে নয়।
আগামীকাল হলদিয়াতে ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নন্দীগ্রামে আজ কর্মিসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মিসভায় যোগ দিতে আসার আগের দিন রাত থেকেই নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় হোর্ডিং পড়ল। সেই হোর্ডিংয়ে লেখা আছে “নন্দীগ্রাম মেদিনীপুরের ভূমিপুত্রকে চায় বহিরাগতকে নয়।’

গতকাল রাতের বেলা নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের কাছে ক্ষুদিরাম মোড়ে এই হোর্ডিং প্রথমে চোখে পড়ে নন্দীগ্রামবাসীর। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরে আজ নন্দীগ্রাম চন্ডিপুর বাস রাস্তার ধারেও এই ধরনের আরও হোর্ডিং চোখে পড়ে। হোর্ডিংয়ে অবশ্য এই লেখাগুলি ছাড়া কে বা কারা হোডিংগুলি দিয়েছে তার কোনও নাম ছিল না। তৃণমূল নেতৃত্বের দাবি, এই হোর্ডিংগুলো বিজেপির পক্ষ থেকেই লাগানো হয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে হোর্ডিং লাগানোর কথা শিকার করা না হলেও বলা হয়েছে, নন্দীগ্রামের সাধারণ মানুষের চাহিদার কথাই এই হোর্ডিংয়ে লেখা আছে।

এই হোর্ডিং প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঞ্চ থেকে বলেন, মেদিনীপুরের লোক ভূমিপুত্র আর বীরভূমের মানুষ ভূমিপুত্র নয়? এই প্রশ্ন তিনি জনগণের উদ্দেশে ছুঁড়ে দেন। তিনি আরও বলেন, আমি বহিরাগত হলে মুখ্যমন্ত্রী হলাম কি করে।

