আমাদের ভারত, ১৯ নভেম্বর: রবিবার ১৯ নভেম্বর এক ঐতিহাসিক দিন। ইতিহাসে প্রথমবারের মতো ভারতের জিডিপি ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি হতে দেখা গেল। এর ফলে জিডিপির নিরিখে আমেরিকা চিন এবং জাপান বা জার্মানির পরেই চলে এলো ভারত।
২০২৪ সালের মধ্যে ভারতের জিডিপি ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে দেওয়া লক্ষ্য নিয়েছে মোদী সরকার। আর আজকের সাফল্য সেই লক্ষ্যের অন্যতম মাইল ফলক বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ভারতের শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধি এবং একটি আন্তর্জাতিক অর্থনৈতিক শক্তি হিসেবে উত্থানের প্রতিফলন বলেই মনে করা হচ্ছে।
বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে ধরা পড়েছে কোভিড মহামারীর পর বিশ্বের বড় অর্থনীতিগুলির মধ্যে ভারতের অর্থনীতি সব থেকে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভারতের সেই অবস্থান এই সাফল্যের কারণে আরও শক্তিশালী হলো।
সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে অনলাইন জিডিপি ট্র্যাকারের স্ক্রিনশট শেয়ার করেছেন। ভারতের অর্থনৈতিক উন্নয়নে মোদী সরকারের প্রচেষ্টার প্রশংসা করেছেন তারা।
আরবিআই- এর অনুমান, চলতি অর্থ বর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধি হবে ৬.৫%। তবে বহু সংস্থার অর্থনৈতিক পূর্বাভাসে দাবি করা হয়েছে, বৃদ্ধির পরিমাণ আরবিআই- এর অনুমানের থেকে বেশি হবে। আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধি ঘটেছিল ৭.৮%। আরবিআই গভর্নর রবিকান্ত দাস সম্প্রতি বলেছেন, “অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিবেগ দেখে আমি আশা করছি দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধি আমাদের অবাক করে দিতে পারে।”

