সোমনাথ বরাট, আমাদেৱ ভারত, বাকুঁড়া, ১৫ জুলাই: বিশিষ্ট ইতিহাসবিদ সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা জগতেৱ বিশিষ্ট ব্যক্তিত্ব অরুণ কুমার সিংহ প্ৰয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বুধবার রাত দেড়টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাঁটি থানার অমরকাননের বাসিন্দা অরুণবাবুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই জেলার সাহিত্য সংস্কৃতি ও শিক্ষা মহলে শোকের ছায়া নেমে আসে।
অরুণবাবু সাড়ে তিন দশকের বেশি সময় ধরে অমরকানন দেশবন্ধু বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। গোবিন্দপ্রসাদ মহাবিদ্যালয়ের অতিথি অধ্যাপক হিসেবে অধ্যাপনাও করেন বেশ কিছুদিন। তিনি ছিলেন শময়িতা মঠ শিক্ষা প্রতিষ্ঠানের অবৈতনিক ডিরেক্টর। দায়িত্বে ছিলেন শময়িতা স্পোর্টস একাডেমির। ঐতিহাসিক বিভিন্ন গবেষণাধর্মী গ্রন্থের রচয়িতা অরুণ কুমার সিংহ ইংরেজি ও সংস্কৃত সাহিত্যে অগাধ পাণ্ডিত্য অধিকারী ছিলেন।
তাঁর এক ছাত্র সুখেন্দু জানা বলেন, স্যার রাজ্য ও রাজ্যের বাইরের বহু স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রিত হতেন। জেলার শিক্ষা আন্দোলনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অমরকানন গোবিন্দপ্রসাদ মহাবিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে তাঁর অমরকাননের বাসভবনে মরদেহ শায়িত রাখা হয়। সেখানে গুণমুগ্ধ ছাত্র-ছাত্রী ও শিক্ষা সংস্কৃতি জগতের মানুষজন এসে শ্রদ্ধা জানান।
বড়জোড়ার প্রাক্তন বিধায়ক আশুতোষ মুখার্জি সহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরাও পুষ্পার্ঘ্য দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। এদিন বিকেলে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

