স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৭ এপ্রিল: চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলা সহ নানান অভিযোগে সরব হলেন শর্বরী সিংহ রায়। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আজ থেকেই প্রচারে নামছেন সৌমেন রায়ের স্ত্রী।
এবার কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায়ের বিরুদ্ধে সরাসরি প্রচারে নামতে চলেছেন তাঁর স্ত্রী শর্বরী সিংহ রায়। শনিবার জেলায় এসেই সাংবাদিক সম্মেলন করে প্রচারে নামার বিষয়টি জানিয়েছেন তিনি। এদিন বিকেলে টাউন মহিলা নাগরিক সমাজের ডাকে মহেন্দ্রগঞ্জ থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত ধিক্কার মিছিলে উপস্থিত থাকবেন শর্বরী সিংহ রায়। কালিয়াগঞ্জের প্রার্থী হিসেবে সৌমেন রায়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই বিতর্কের ঝড় আছড়ে পড়েছে। সৌমেন রায়ের স্ত্রী দাবি করে প্রথমে একের পর এক ভিডিও ক্লিপ প্রকাশ করে বিস্ফোরক মন্তব্য করেন শর্বরী সিংহ রায়। থানায় অভিযোগ জানানোর পাশাপাশি সৌমেন রায়ের চরিত্র নিয়েও একাধিক প্রশ্ন তোলেন তিনি। চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগও আনেন প্রার্থীর বিরুদ্ধে। এরপরেই কালিয়াগঞ্জেও শুরু হয় বিক্ষোভ। দলীয় নেতা কর্মীদের একাংশ তাকে প্রার্থী হিসেবে মেনে না নেওয়ার হুঁশিয়ারি দেন। অনশন আন্দোলনেও বসেন তাঁরা। পরে যদিও দলীয় নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বিজেপি প্রার্থী সৌমেন রায়কে সাথে নিয়ে প্রচারও শুরু করেন নেতৃত্বরা।

তবে নির্বাচনের দিন কয়েক আগে এদিন ফের সৌমেন রায়কে নিয়ে বিতর্ক চরম আকার নিল। শনিবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমেন রায়ের স্ত্রী শর্বরী সিংহ রায় বলেন, বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের কাছে একাধিকবার অনুরোধ করি সৌমেন রায়কে পরিবর্তন করার। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে তা পরিবর্তন করা হয়নি৷ তাই আমার সাথে যেইরকম প্রতারণা হয়েছে আমি চাইছি না এমনটা কালিয়াগঞ্জবাসীর সাথে হোক।
শর্বরী সিংহ রায় এদিন আরও বলেন, সৌমেন রায়কে যেন কালিয়াগঞ্জের বাসিন্দারা একটিও ভোট না দেন। আমার কোনও রাজনৈতিক পরিচয় নেই। আমি কোনও রাজনৈতিক দলের সাথেও যুক্ত নই। একটি অরাজনৈতিক মহিলা সংগঠনের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছে। আমি সেখানে থাকবো। সৌমেন রায়ের বিরুদ্ধে প্রচার করবো।

