পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: মেদিনীপুরে জগধাত্রী পুজোর উদ্বোধনে এসে মেদিনীপুরের পুলিশ সুপারের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মেদিনীপুর টাউনে কোনো গণতন্ত্র নেই। এইদিন তিনি রীতিমতো তরোয়াল হাতে তুলে হিন্দুদের একজোট হওয়ার জন্য আহ্বান জানান।

মেদিনীপুরে একাধিক জগধাত্রী পুজোর উদ্বোধন করতে এসে পুলিশকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। তিনি কেরানিতলার হিন্দু যুবা বাহিনীর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করার পর সাংবাদিকদের কাছে বক্তব্য রাখতে গিয়ে বলেন, পশ্চিম মেদিনীপুরে কোনো গণতন্ত্র নেই। এখানে এক হোটেল মালিক রয়েছেন যার হোটেলে কেবল মাত্র বিজেপি নেতারা টাকা দিয়ে থাকার জন্যই হোটেল বন্ধ করেছে পুলিশ। সেই হোটেল মালিক কাঁদতে কাঁদতে একদিন তার কাছে এই অভিযোগ জানিয়েছেন।তিনি বলেন, এখানে ধৃতিমান সরকার নামে একজন পুলিশকে পাঠিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুবাবু পুলিশ সুপারকে একপ্রকার হুমকি দিয়ে বলেন, আগের মতন যদি তিনি ব্যবসা করতে চান তাহলে তার ইতিহাস ভয়ঙ্কর হবে। এটা বিপ্লবীদের শহর, মেদিনীপুরের মাটি, এখানে অত্যাচারীরা চিরদিন হেরেছে। এরপর মমতা ব্যানার্জিকে কটাক্ষ করতে গিয়ে তিনি বলেন, এখন মমতা ব্যানার্জি ছবি আঁকেন না কেন? যে ছবিগুলো দেড় কোটি, দু’ কোটি টাকায় বিক্রি হয়? তাহলে তাকে চোর বলবো না তো কি সাধু বলবো? এরপর ল’ অ্যান্ড অর্ডার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, এখানে ল’ অ্যান্ড অর্ডার সব খতম হয়ে গেছে, পুলিশ তৃণমূলের ক্যাডার হয়ে গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এদিন শুভেন্দু অধিকারী একাধিক কর্মসূচি নিয়ে মেদিনীপুরে এসেছিলেন। তার মধ্যে সবকটি ছিল জগধাত্রী পুজোর উদ্বোধন। তিনি প্রথমে গান্ধী স্ট্যাচুর কাছে ‘আমরা সবাই ক্লাবের পুজোর উদ্বোধন করেন। এরপর কেরানি তলার “উত্তরণ” এর পুজোর উদ্বোধন করেন, সবশেষে হিন্দু যুবা বাহিনীর জগধাত্রী পুজোর উদ্বোধন করেন।

