আমাদের ভারত, ২৪ জুন: ৬০-এ পা দিলেন আদানি শিল্পগোষ্ঠীর প্রধান গৌতম আদানি। ভারত তথা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির এই বিশেষ দিনটিও অভিনব পদ্ধতিতে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদানি গোষ্ঠীর তরফে ঘোষণা করা হয়েছে সমাজকল্যাণের জন্য বিশাল অঙ্কের টাকা অনুদান দেওয়া হবে। শিল্পপতির ৬০ বছর উপলক্ষ্যে ৬০ হাজার কোটি টাকা দেওয়া হবে আদানি পরিবারের তরফ থেকে।
চলতি বছরেই গৌতম আদানির বাবার ১০০তম জন্মদিনও রয়েছে। ফলে এই দুই কারণেই এই অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
On our father’s 100thbirth anniversary & my 60thbirthday, Adani Family is gratified to commit Rs 60,000 cr in charity towards healthcare, edu & skill-dev across India. Contribution to help build an equitable, future-ready India. @AdaniFoundation pic.twitter.com/7elayv3Cvk
— Gautam Adani (@gautam_adani) June 23, 2022
জন্মদিনের আগেই টুইট করে ৬০ হাজার কোটি টাকা অনুদানের কথা ঘোষণা করেছেন আদানি নিজে। তিনি লিখেছেন, “আমার বাবার জন্ম শতবর্ষ এবং আমার ৬০ বছরের জন্মদিন। এই দুই বিশেষ ঘটনা উপলক্ষ্যে আদানি পরিবার সিদ্ধান্ত নিয়েছে সমাজকল্যাণের কাজে ৬০ হাজার কোটি টাকা দান করা হবে। মূলত স্বাস্থ্য পরিষেবা, শিক্ষাসহ উন্নয়নমূলক কাজে ব্যবহার হবে এই অর্থ। ভবিষ্যতের জন্য ভারতীয় তরুণ প্রজন্মকে তৈরি করতে সাহায্য করবে এই অনুদান।” গুজরাটের আমেদাবাদ শহরে জন্মেছিলেন ভারতের এই সফলতম শিল্পপতি।
স্বামীর জন্মদিনে বেশ পুরনো একটি সাদা কালো ছবি পোস্ট করেছেন আদানির স্ত্রী প্রীতি আদানি। সঙ্গে লিখেছেন এক আবেগঘন বার্তা। প্রীতি লিখেছেন, “প্রায় ৩৬ বছর আগে নিজের ক্যারিয়ার ছেড়ে গৌতম আদানির সঙ্গে ঘর বেঁধেছিলাম। যখন অতীতের দিকে ফিরে তাকাই এই মানুষটির প্রতি প্রচুর সম্মান আর গর্ব অনুভব করি। ৬০ বছরের জন্মদিনে আমি প্রার্থনা করি যেন তিনি সুস্থ থাকেন তার সব স্বপ্ন যেন পূরণ হয়।”
গৌতম আদানির স্ত্রী পেশায় ডাক্তার। কিন্তু স্বামীর ব্যবসা সামলাতে নিজের কেরিয়ার ছেড়ে দিয়েছেন তিনি। গত দু’দশক ধরে আদানি গোষ্ঠীর গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব সামলাচ্ছেন তিনি।
এই অনুদান ঘোষণার পরই ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের সাথে এক আসনে বসলেন আদানি। তিনিও সমাজকল্যাণের জন্য বিশাল বড় অঙ্কের টাকা অনুদান হিসেবে দিয়েছেন।

