স্বরূপ দত্ত, রায়গঞ্জ, ১৬ এপ্রিল: ভারতীয় জনতা পার্টির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর ভাই, ভবতোষ লাহিড়ী আসন্ন বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ আসনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কারনেই নির্বাচনের আগে দলের বিরোধী গোষ্ঠী বিশ্বজিৎ লাহিড়ীকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন তার ভাই জনতা দল ( ইউনাইটেড) প্রার্থী ভবতোষ লাহিড়ী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
এদিন রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় প্রচারের ফাঁকে তিনি বলেন, ‘আমি কোনো দলকেই আমার প্রতিদ্বন্দ্বী মনে করি না। এবার নির্বাচনে আমিই জিতব।’
একসময় বিহারের ঝিটকিয়ার পাশে পকম্বা গ্রামের বাসিন্দা ছিল লাহিড়ী পরিবার। মধুসূদন লাহিড়ীর ছিলেনওষুধের দোকানদার। গ্রামে তিনি ডাক্তারবাবু বলেই পরিচিত ছিলেন। মধুসূদন লাহিড়ীর বিশাল পরিবারে বেশ কয়েকজন ভাই বোনের সাথেই বড় হয়েছেন বিশ্বজিৎ লাহিড়ী, ভবতোষ লাহিড়ী, রনজিৎ লাহিড়ীরা। দাদা বিশ্বজিৎ লাহিড়ী উত্তর দিনাজপুর জেলা ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি ছিলেন। কিন্তু ১৩ এপ্রিল নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগেই তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
বিশ্বজিৎবাবুর ভাই ভবতোষ লাহিড়ী নিতীশ কুমারের দল, জনতা দল (ইউনাইটেড) এর হয়ে বিজেপি প্রার্থীকে হারাতে দিনরাত এক করে পরিশ্রম করে চলেছেন। প্রচারের ফাঁকে তিনি বলেন, ‘রাজ্যে অনুন্নয়ন চলছে। নীতিশ কুমার যেভাবে বিহারের উন্নয়ন করেছেন, সেই পদ্ধতিতে পশ্চিম বঙ্গের উন্নয়ন করতে হবে। তাই জনতাদল (ইউনাইটেড) এর হয়ে আমি ভোটের প্রার্থী হয়েছি।’ তাঁর দাবি, রায়গঞ্জ তথা বাংলাকে মদ মুক্ত, হিংসা মুক্ত করতে হবে। এছাড়াও তিনি ভোটে জিতলে, রায়গঞ্জে ট্রেনের দাবি, বেকার যুবকদের কর্মসংস্থান এবং এইমসের দাবিকে পূরণ করবেন। তার দাবি, এক পরিবারের দুই ভাই ভিন্ন দুটি রাজনৈতিক দল করতেই পারে। আমার এই ভিন্ন রাজনৈতিক পরিচয়ের জন্য আমার দাদাকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা চরম অনৈতিক।”

