আমাদের ভারত, ২৮ জুলাই: বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলার শুনানিতে উত্তরপ্রদেশের যোগী সরকারের বুলডোজার নীতির কথা উঠে এলো কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে। পুরসভার আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে কিছু বুলডোজার ভাড়া করুন।
মাণিকতলা থানা এলাকায় বেআইনি নির্মাণের প্রতিবাদে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা। শুনানির সময় মামলাকারীর আইনজীবী বলেন, বেআইনি নির্মাণে বাধা দেওয়ার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন তার মক্কেল। বাড়ি থেকে বেরতে পর্যন্ত পারছেন না। বিষয়টি শুনে বিরক্তি প্রকাশ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বিচারপতি পর্যবেক্ষণে বলেন, এরকম একটি দুটি মামলা না এরকম প্রায়শই হচ্ছে। এরপরই পুরসভার আইনজীবীকে বিচারপতি বলেন, প্রয়োজন পড়লে বুলডোজার এনে বেআইনি নির্মাণের উপর চালিয়ে দিন। দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে বুলডোজার ভাড়া করে নিয়ে আসুন।
বিচারপতি আরও বলেন, পুলিশ ও পৌরসভার সদিচ্ছা থাকলেও তারা অনেক সময় কাজ করতে পারে না, কারণ তাদের অন্য চাপের মুখে কাজ করতে হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “পুলিশ আর পৌরসভা নিয়ে আমি কিছু বলবো না। আমি জানি তাদের কি বাহ্যিক চাপের মুখে কাজ করতে হয়।”
এরপরে বিচারপতি তাৎপর্যপূর্ণ বক্তব্যে বলেন, কোনো গুন্ডামি বরদাস্ত করা হবে না। গুন্ডাদের কিভাবে শায়েস্তা করতে হয় আমি জানি। গুন্ডা দমন শাখার আধিকারিকরা জানেন কিভাবে গুন্ডাদের শায়েস্তা করতে হয়।
প্রসঙ্গত, বেআইনি নির্মাণ অভিযোগে সম্প্রতি কানপুর, সাহারানপুর, প্রয়াগরাজের একাধিক বাড়ি বুলডোজার চালিয়ে ভেঙ্গে দিয়েছে সেরাজ্যের প্রশাসন। যদিও এই বুলডোজার নীতি বিভিন্ন জায়গায় সমালোচনার মুখেও পড়েছে। কিন্তু বেআইনি নির্মাণের বিরুদ্ধে কলকাতা পৌরসভাকে সেই বুলডোজার নীতির কথাই মনে করিয়ে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

