আমাদের ভারত, ২৩ অক্টোবর: বাংলাদেশের ঘটনার পর রাজ্যের পরিস্থিতি নিয়ে বার বার আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপির একাধিক নেতৃত্ব। এবার জেহাদি হামলা ঠেকাতে রাজ্যের তরুণ-তরুণীদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।
বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যাচ্ছে কেরলে ও পশ্চিমবঙ্গের বিশেষত হিন্দু পরিবারগুলোর ওপর সাম্প্রদায়িক অত্যাচার ও জিহাদি হামলার ঘটনা ঘটেছে। তাই এই পরিস্থিতির মোকাবিলায় বাংলা ও কেরালার ১৮ বছরের তরুণ-তরুণীদের বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিজেপির বিধায়ক হিরণ।
যুবকদের বাধ্যতামূলকভাবে সেনা প্রশিক্ষণ দেওয়ার দাবি ছাড়াও দুই পাতার একটি বড় চিঠিতে একাধিক বিষয় তুলে ধরেছেন বিজেপির বিধায়ক। তিনি লিখেছেন, দেশপ্রেমের চেতনা গড়ে তুলতে “তেরেঙ্গা পরিবার” গড়া দরকার। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তাঁর প্রস্তাব সীমান্ত সংঘর্ষে ও জঙ্গি মোকাবিলায় শহীদ জওয়ানদের পরিবারগুলিকে “তেরেঙ্গা পরিবারে”র মর্যাদার দিক কেন্দ্র সরকার। এছাড়া ওই পরিবারগুলিকে সরকারি স্তরে মর্যাদা দেওয়ার জন্য একাধিক সুপারিশও করেছেন তিনি। রাজ্য, জেলা, মহকুমা পরিষদ চত্বরে ২৬ জানুয়ারি, ১৫ আগস্ট সরকারি অনুষ্ঠানে শহীদ সেনা পরিবারগুলি সদস্যদের প্রধান অতিথি করে নিয়ে যাওয়া হোক। শহীদ সেনানীদের নামে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালের নামকরণ হোক। রেল স্টেশন, রাস্তা, সরকারি দপ্তরের সামনে সংশ্লিষ্ট এলাকার শহীদ জওয়ানদের নামের ফলক বসানো ও শহীদ দিবস অনুষ্ঠান পালনের প্রস্তাব দিয়েছেন তিনি।

