কাশ্মীরে স্কুলে সন্ত্রাসী হামলা! মুসলিম শিক্ষকদের থেকে আলাদা করে ২ হিন্দু শিক্ষককে নির্বিচারে গুলি করল জঙ্গিরা

আমাদের ভারত, ৭ অক্টোবর: কাশ্মীরে স্কুলে ঢুকে শিক্ষকদের গুলি করে খুন করল জঙ্গিরা। ভয়াবহ এই হামলায় অজ্ঞাত পরিচয় জঙ্গিরা বৃহস্পতিবার দুই হিন্দু শিক্ষকের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁদের মৃত্যু হয়।

জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানা গেছে, দুই শিক্ষক শ্রীনগরে ইদগাহ সঙ্গম এলাকায় অবস্থিত গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে শিক্ষকতা করতেন। তাদের একজন ওই স্কুলের অধ্যক্ষ সুখবিন্দর কৌর, তিনি শিখ। দ্বিতীয় মৃত ব্যক্তি হলেন শিক্ষক দীপক চন্দ।

জানা গেছে চার-পাঁচজন শিক্ষক প্রধান শিক্ষকের অফিসে বসে বৈঠক করছিলেন। সেই সময় হঠাৎ কমপক্ষে দুইজন জঙ্গি সেখানে ঢুকে পড়ে। জঙ্গিরা মুসলিম শিক্ষকদের দল থেকে আলাদা করে দেয়। হিন্দু শিক্ষকদের স্কুল বিল্ডিং থেকে টেনে নিয়ে যায় জঙ্গিরা। এরপর স্কুল প্রাঙ্গনে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে।

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবারও এক কাশ্মীরি পন্ডিতকে তাঁর দোকানের ভিতরে গুলিতে ঝাঁঝরা করে পালায় জঙ্গিরা। বেছে বেছে হিন্দুদের টার্গেট করছে তারা বলে ধারণা করা হচ্ছে।

জম্মু-কাশ্মীর পুলিশের শীর্ষ কর্মকর্তারা স্কুলে পৌঁছান। পুলিশের ডিজিপি দিলবাগ সিং বলেন, শেষ কয়েকদিনে সাধারণ মানুষকে টার্গেট করার ঘটনা বাড়ছে। মানুষের মনের মধ্যে ভয় ও সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরি করতেই এসব করা হচ্ছে। পাকিস্তানের এজেন্সি নির্দেশেই ঘটনাগুলি ঘটানো হচ্ছে। কয়েকদিন আগেই গোয়েন্দা সংস্থাগুলি জঙ্গি কার্যকলাপ সম্পর্কে বিশেষ সর্তকতা জারি করেছিল। গোয়েন্দা দপ্তর সূত্রে খবর ছিল, ভারতে অনুপ্রবেশ করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পাক মদতপুষ্ট বহু জঙ্গি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *