আমাদের ভারত, ১৭ আগস্ট: প্রাক্তন কংগ্রেস নেতা গোলাম নবি আজাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা গেছে, তিনি ভারতে বসবাসকারী মুসলিমদের ইতিহাস নিয়ে একটি তথ্য তুলে ধরেছেন। তাঁর কথায় ভারতে বসবাসকারী মুসলিমরা আগে হিন্দুই ছিলেন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, এদেশে যারা জন্মেছিলেন তারা সকলেই হিন্দু হিসেবে জন্মগ্রহণ করেছিলেন।
বিজেপি ও আরএসএসের একাধিক নেতৃত্ব বার বার বলেন এদেশের সকলেই আসলে হিন্দু। এবার কংগ্রেসের প্রাক্তন নেতা গুলাম নবি আজাদও এই একই কথা বলেছেন। ভাইরাল ভিডিওতে তিনি বলেছেন, পনেরশো বছর আগে ইসলাম ধর্ম উঠে এসেছিল। কিন্তু হিন্দু ধর্ম আরো প্রাচীন। কিছু মুসলিম বাইরে থেকে এসে সেই সময় মুঘল সেনাতে কাজ করতেন। তারপর হয়তো অনেকে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন।” যদিও ভাইরাল হওয়া ভিডিও’র সত্যতা যাচাই করেনি আমাদের ভারত।
Former Congress leader Ghulam Nabi Azad-
Hindu Religion is much older than Islam in India. Muslims in our country are because of Conversion from Hindus and in Kashmir all Muslims were converted from Kashmiri Pandits. Everybody is born in Hindu Dharma only. pic.twitter.com/trWqUyFzrs
— Megh Updates 🚨™ (@MeghUpdates) August 16, 2023
ওই ভিডিওতে আজাদকে বলতে শোনা গিয়েছে, “কাশ্মীরে সেই স্পষ্ট ছবি দেখা যাচ্ছে, সেখানে ৬০০ বছর আগে মূলত কাশ্মীরি পণ্ডিতরাই ছিলেন। পরে অনেকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হন। এই দিক থেকে আমার মনে হয় যে সকলে প্রাথমিকভাবে হিন্দুত্বের মধ্যেই ছিলেন। তবে এটা মানতেই হবে যে হিন্দু, মুসলিম, রাজপুত, ব্রাহ্মণ, দলিত, কাশ্মীরি অথবা গুজ্জর আমরা সকলেই এই ভূমির অংশ। এই মাটিতেই আমাদের শিকড় রয়েছে। এই মাটিতেই আমরা বারবার ফিরে আসব।”
অর্থাৎ তার মতে কাশ্মীরি পন্ডিতদের একাংশ ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন। জন্মগত ভাবে সকলে হিন্দু ধর্ম থেকেই এসেছেন। দেশের রাজনীতিতে গোলাম নবি আজাদের এই বক্তব্য শোরগোল ফেলে দিয়েছে। বিগত দিনে কংগ্রেস নেতা হিসেবে পরিচিত ছিলেন। তবে গত বছর আগস্ট মাসে কংগ্রেস ত্যাগ করেন তিনি। তবে দলে থাকাকালীন বহুবার কংগ্রেসের ক্ষমতাসীন গোষ্ঠীর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তিনি। এবারও তাঁর গলাতে অন্য সুর। ফলে নানা জল্পনা তৈরি হতে শুরু হয়েছে। কারণ কংগ্রেস থেকে দূরত্ব তৈরির পর তার রাজনৈতিক অবস্থান এখনও স্পষ্ট নয়। তারই মধ্যে এই নতুন বিষয়ে বক্তব্য রেখে শোরগোল ফেলে চর্চায় উঠে এসেছেন আজাদ তা আর বলার অপেক্ষা রাখে না।

