বাড়ির সামনে মাদক বিক্রির প্রতিবাদ করায় বেধড়ক পিটিয়ে খুন করা হলো হিন্দু যুবককে

আমাদের ভারত, ৩ সেপ্টেম্বর: তার বাড়ির সামনেই ইয়াবা মাদক বিক্রি করা হচ্ছিল। স্বভাবতই প্রতিবাদ করেছিল জয় সাহা নামে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার এক হিন্দু যুবক। আর সেই কারণেই মাদক কারবারীদের হাতে তাকে বেধড়ক মার খেতে হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব পাইকপাড়ায় গত ২৭ আগস্ট বাড়ির সামনে ইয়াবা মাদক বিক্রি হচ্ছে দেখে প্রতিবাদ করেছিল জয় সাহা নামে ওই যুবক। আর তার প্রতিবাদে ক্ষেপে উঠে মাদক কারবারি ওই যুবককে বাড়ি থেকে টেনে বের করে এনে বেধড়ক মারতে মারতে একেবারে আধমরা করে ফেলে।‌ পরে ওই আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। ২ সেপ্টেম্বর হাসপাতালে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন মাথায় গুরুতর চোট পাওয়ার কারণে অনেক চেষ্টা করেও যুবককে বাঁচানো যায়নি।

ওই যুবকের মৃত্যুর ঘটনায় পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তার পরিবার-পরিজনরা। তাদের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ওসিকে লিখিতভাবে অভিযোগ জমা দিলেও তা নথিভূক্ত করা হয়নি। দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়নি। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *