নিজস্ব প্রতিনিধি, আমাদের ভারত, ১৫ অক্টোবর: বাংলাদেশে দুর্গাপুজোয় হিংসাত্মক ঘটনাকে নিয়ে ফের মন্তব্য করলেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গে হিন্দু জাগরণের ফলে শেখ হাসিনা কড়া পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন।
শুক্রবার তিনি টুইটে লেখেন, “পশ্চিমবঙ্গ এবং অন্যান্য স্থানে হিন্দু জাগরণ হয়েছে। তাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা এবং বাংলাদের অন্যত্র হিন্দু-ধর্মাবলম্বী মানুষকে আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে প্ররোচিত করেছে। তাঁর দোষ যাই হোক না কেন, তিনি বাংলাদেশের হিন্দুদের সেরা আশা। কিন্তু পশ্চিমবঙ্গের তালিবানদের জন্য কিছু কঠিন ব্যবস্থাপনা প্রয়োজন।“
প্রসঙ্গত, বৃহস্পতিবারই দুর্গাপুজোয় তাণ্ডবের ঘটনা নিয়ে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হিন্দু সম্প্রদায়ের মানুষকে আশ্বস্ত করে বললেন, অশান্তির ঘটনায় যে বা যারা জড়িত, তাদের খুঁজে বের করা হবেই। নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা। শেখ হাসিনা বলেন, ‘ধর্ম যাঁর, যাঁর। কিন্তু উৎসব সকলের।’

