আমাদের ভারত,১১ আগস্ট: “যখন কেউ বলে মুসলিমরা বিজেপিকে ভোট দিয়েছে, সেই কথা শুনলে আমার হাসি পায়,” একটি জাতীয় স্তরের সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এমনই মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, “মুসলিমরা কখনোই বিজেপিকে ভোট দেয়নি। কোনও বুথে একটিও ভোট আমার পক্ষে দেয়নি কোনো মুসলিম।” একই সঙ্গে তাঁর আরও দাবি, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য বিজেপি কখনো কাজ করেনি। সেটা করলে বিজেপি কখনো ক্ষমতায় আসতো না। মন্দির সংলগ্ন এলাকায় গোমাংস নিষিদ্ধকরণকে ভালো সিদ্ধান্ত দাবি করে মন্দির নির্মাণ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি, যাতে গোমাংস বিক্রি কমে যায়।
হিমন্ত বিশ্ব শর্মা মিজোরামের সঙ্গে সীমান্ত বিবাদ নিয়ে বলেন, এক ঐতিহাসিক আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব। “শান্তি প্রক্রিয়া যাতে কোনওভাবে বিঘ্নিত না হয় সেই কারণেই অসমের নাগরিকদের মিজোরামে যেতে নিষেধ করা হয়েছিল। মিজোরাম অভিযোগ করেছে যে অসম অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মিজোরামে বসতি করে দিতে চাইছে। এ প্রসঙ্গে হিমন্ত বলেন, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী মানেই হলো মুসলিম। এদের একজনও আমাকে ভোট দেয়নি। ফলে ওরা কারা?বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী”। তিনি আরও বলেন, “আজ কেউ যদি বলেন, মুসলিমরা আমাকে কিংবা সর্বানন্দ সোনোয়ালকে ভোট দিয়েছে তাহলে সবাই হাসবে। কেননা আমি নির্বাচনী প্রচারে গিয়ে বলে এসেছিলাম যে মুসলিম ভোট আমার দরকার নেই। ফলে মিজোরামের অভিযোগের কোনো ভিত্তি নেই।”
তিনি দাবি করেন, বিজেপি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশ কারীদের স্বার্থে কাজ করছে না। আর যদি করতো তবে যেসব রাজ্যে ক্ষমতায় আছে সেসব রাজ্যের নির্বাচনে হেরে যেত।”
মন্দিরের ৫ কিলোমিটার এলাকার মধ্যে গোমাংস বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্তে বিশ্বশর্মা বলেন, “এটি অত্যন্ত ভালো সিদ্ধান্ত। আরো বেশি করে মন্দির নির্মাণ করা উচিত, যাতে গরুর মাংস খাওয়া কমানো যায়।” তিনি বলেন, মহাত্মা গান্ধী গরু রক্ষা করার কথা বলেছিলেন। তিনি মহাত্মা গান্ধীর অন্ধ ভক্ত তাই এই আইন নিয়ে তিনি গর্বিত।

