গণ ধর্মান্তর নিষিদ্ধকরণে বিল পাশ হিমাচল প্রদেশের বিধানসভায়, দোষ প্রমাণে কড়া শাস্তি

আমাদের ভারত, ১৩ আগস্ট: গণ ধর্মান্তকরণ নিষিদ্ধ করল হিমাচল প্রদেশ সরকার। একই সঙ্গে জোর করে ধর্ম পরিবর্তনের চেষ্টা করলে তার জন্য যে শাস্তি বরাদ্দ ছিল তার মেয়াদও বাড়িয়ে দেওয়া হল নয়া আইনে।

শনিবার ধর্মান্তর সম্পর্কিত নতুন বিল পাশ হয়েছে হিমাচল প্রদেশের বিধানসভায়। দুই বা ততোধিক মানুষ একসঙ্গে ধর্ম পরিবর্তন করলে তা গণ ধর্মান্তকরণ হিসেবেই বিবেচিত হবে বলে বলা হয়েছে নয়া বিলে। এছাড়া আগে হিমাচল প্রদেশের আইন অনুযায়ী জোর করে কেউ কারোর ধর্ম পরিবর্তন করালে সর্বাধিক ৭ বছর জেল হতো। নতুন আইনে সে কারাবাসের মেয়াদ বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। ধর্মান্তকরণ সংক্রান্ত বিলটি শুক্রবার বিধানসভায় তোলে হিমাচল প্রদেশের জয় রাম ঠাকুর চালিত সরকার।

ধর্মান্তর রোধে ২০০৬ সাল থেকে হিমাচলে একটি আইন আছে। কিন্তু ওই আইনে শাস্তির বিধান অপেক্ষাকৃত লঘু বলে দাবি বিজেপির। গত বিধানসভা ভোটে জেতার পর ২০১৯ সালে হিমাচল প্রদেশ ধর্মীয় স্বাধীনতা আইন চালু করে জয় রাম ঠাকুরের সরকার। আইনের বিজ্ঞপ্তি জারি হয় ২০২০ সালের ডিসেম্বরে। সেই আইনের সংশোধনী এনে শনিবার নতুন বিল পাস করল সরকার। মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর বলেন, পুরনো আইনে গণ ধর্মান্তর আটকানোর ব্যবস্থা ছিল না। কয়েকটি ধারায় সংশোধনী আনা হয়েছে। জানাগেছে, ২০১৯ সালে আইনের ২,৪,৭,১৩ নম্বর ধারায় পরিবর্তন আনা হয়েছে। নতুন পাস হওয়া বিলে বলা হয়েছে, এই সংক্রান্ত অভিযোগগুলি তদন্ত করবে পুলিশের সাব-ইন্সপেক্টর। বিচার হবে সেশন আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *